শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের খোয়া যাওয়া ১,৩৫০টি অস্ত্র এখনো উদ্ধার হয়নি: আইজিপি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৮ পিএম
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম
expand
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, খোয়া যাওয়া পুলিশের ১ হাজার ৩৫০টি অস্ত্র এখনো উদ্ধার সম্ভব হয়নি।

তিনি বলেন, এসব অস্ত্রের বেশিরভাগই পার্বত্যাঞ্চল বা আরসাসহ বিভিন্ন গোষ্ঠীর হাতে পৌঁছানোর আশঙ্কা রয়েছে। অস্ত্রগুলো উদ্ধারে অভিযান চলছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য দেন তিনি।

আইজিপি জানান, সামনে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে প্রয়োজনে পুলিশ আরও কঠোর পদক্ষেপ নেবে। নির্বাচনকে কেন্দ্র করে দেড় লাখ পুলিশ সদস্যকে পেশাগত দক্ষতা ও নিরপেক্ষতার বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচন পরিচালনায় পুলিশ সম্পূর্ণ প্রস্তুত বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

দুর্গাপূজার নিরাপত্তা পরিস্থিতি প্রসঙ্গে বাহারুল আলম বলেন, সারাদেশে পূজাকে ঘিরে ৪৯টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৫টি মামলা হয়েছে এবং ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে কোনো ঘটনাই বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করতে পারেনি। আইনশৃঙ্খলা বাহিনী সবগুলো ঘটনা শান্তিপূর্ণভাবে মোকাবিলা করেছে।

তিনি আরও সতর্ক করে বলেন, সারাদেশে পূজামণ্ডপকে ঘিরে কেউ অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

খাগড়াছড়ির ঘটনা নিয়ে তিনি বলেন, ধর্ষণের ঘটনার খবর পাওয়ার আধা ঘণ্টার মধ্যে মূল অভিযুক্তকে আইনের আওতায় আনা হয়েছে। পুলিশের কোনো গাফিলতি না থাকা সত্ত্বেও উদ্দেশ্যমূলকভাবেই পরিস্থিতি অস্থিতিশীল করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন