

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীনে উপজেলা সহকারী শিক্ষা অফিসার (এটিইও) পদে আসন্ন নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে প্রতারণার অভিযোগে একটি চক্রের মূলহোতাকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) জামালপুরের মেলান্দহ থেকে মতিউর রহমান (৩২) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার নাসির উদ্দিনের ছেলে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সিআইডির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারী) মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, প্রতারক চক্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া “সিক্রেট সাজেশন শিট” শিরোনামে বিজ্ঞাপন দিয়ে চাকরিপ্রার্থীদের প্রলুব্ধ করছিল।
প্রলোভনে বলা হয়, ৫৫০টি এমসিকিউ প্রশ্ন ও উত্তর সরবরাহ করা হবে, যেখান থেকে ৮০–৯০ শতাংশ প্রশ্ন কমন পড়বে। আগ্রহীদের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠাতে বলা হতো। অনেক প্রার্থী এ প্রলোভনে পড়ে সর্বনিম্ন ২৮০ টাকা থেকে সর্বোচ্চ ১,৬০০ টাকা পর্যন্ত অর্থ প্রদান করেছেন।
অভিযোগ পেয়ে পিএসসি বিষয়টি সিআইডির সাইবার পুলিশ সেন্টারে জানায়। পরে প্রযুক্তি ব্যবহার করে মতিউরকে শনাক্ত করা হয় এবং জেলা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় প্রতারণায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।
সিআইডি জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে এবং চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন
