

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের ভবিষ্যৎ অর্থনীতিকে শুধু গভীর সমুদ্র বন্দরকেন্দ্রিক না ভেবে সম্পূর্ণ ব্লু ইকোনমি ভিশন নিয়ে কাজ করতে হবে।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নবগঠিত মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ (মিডা)–এর সদস্যরা প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, মহেশখালী-মাতারবাড়ী শুধু একটি অর্থনৈতিক অঞ্চল হিসেবে নয়, বরং একটি নতুন শহর হিসেবে গড়ে উঠবে। সেখান থেকে আন্তর্জাতিক যোগাযোগ ও বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচিত হবে। “সমুদ্রই হবে বিশ্বের পথে আমাদের মহাসড়ক”—এ কথা উল্লেখ করে তিনি ব্লু ইকোনমি ভিত্তিক গবেষণা এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণকেন্দ্র গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে মিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন প্রকল্পের খসড়া উপস্থাপন করেন। তিনি জানান, তিন ধাপে প্রকল্পটি বাস্তবায়িত হবে— প্রথম ধাপ ২০২৫–২০৩০, দ্বিতীয় ধাপ ২০৩০–২০৪৫ এবং তৃতীয় ধাপ ২০৪৫–২০৫৫ সাল পর্যন্ত। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় ২৫ লাখ মানুষের কর্মসংস্থান হবে এবং দেশের জিডিপিতে দেড়শ বিলিয়ন মার্কিন ডলার যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মিডার সদস্য কমোডর তানজিম ফারুক ও মো. সারোয়ার আলম, প্রধান উপদেষ্টার এসডিজি–বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি জানান, বৈঠকে মহেশখালী-মাতারবাড়ী প্রকল্পের ওপর একটি প্রেজেন্টেশন দেন মিডার চেয়ারম্যান। এসময় আগামী চার মাসের কর্মপরিকল্পনাও প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরে মিডা।
মন্তব্য করুন
