শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

পূজায় বিঘ্ন ঘটালে সম্মিলিতভাবে প্রতিহত করা হবে: ডিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৬ পিএম আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৫ পিএম
রবিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীতে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন ডিএমপি কমিশনার
expand
রবিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীতে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন ডিএমপি কমিশনার

এবারের শারদীয় দুর্গাপূজায় কোন নিরাপত্তা ঝুঁকি নেই মন্তব্য করে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি’র কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী বলছেন, কোন দুষ্কৃতকারী বিরাজমান পরিবেশ নষ্ট করার চেষ্টা করলে তাকে সম্মিলিতভাবে প্রতিহত করা হবে।

দুর্গাপূজাকে ঘিরে কোনরকম ভুলতথ্য বা অপতথ্য ছড়ানো রোধে সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে। পূর্ববর্তী যে কোনো সময়ের তুলনায় এ বছর অধিকতর সুন্দর ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলেও আশাপ্রকাশ করেছেন তিনি।

রবিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীতে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় দুর্গাপূজা-১৪৩২ উদযাপন উপলক্ষ্যে মহানগর পুলিশের নেয়া নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার এসব কথা বলেন। তিনি বলেন, এ বছর ঢাকা মহানগরীতে ২৫৪টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

ভক্তদের উপস্থিতি, অবস্থান ও গুরুত্ব বিবেচনায় মণ্ডপগুলোকে চারটি শ্রেণীতে বিভক্ত করে দিনরাত ২৪ ঘন্টা পুলিশের উপস্থিতি নিশ্চিত করা হবে। সিসি ক্যামেরার মাধ্যমে মণ্ডপ ও আশেপাশের এলাকায় নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোর প্রবেশপথে আর্চওয়ে স্থাপন করা হয়েছে।

ডিএমপি কমিশনার আরও বলেন, যে কোন জরুরি পরিস্থিতি মোকাবেলায় সোয়াট, এক্সপ্লোসিভ রিকভারি অ্যান্ড বম্ব ডিসপোজাল টিম, ডগ স্কোয়াড ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক স্ট্যান্ডবাই থাকবে।

বিজয়া দশমীতে বিসর্জন শোভাযাত্রার জন্য পৃথক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। রাজধানীতে বিসর্জন শোভাযাত্রা ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে আরম্ভ হয়ে ওয়াইজঘাটে গিয়ে শেষ হবে।

এই শোভাযাত্রা নির্বিঘ্ন করতে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন থাকবে বলেও জানান তিনি।

পরে ডিএমপি কমিশনার ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন এবং উপস্থিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর সার্বজনীন পূজা কমিটি ও মন্দির পরিচালনা কমিটি নেতৃবৃন্দের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন