শুক্রবার
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২১ এএম
এনপিবি গ্রাফিক্স
expand
এনপিবি গ্রাফিক্স

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পথে বিএনপি। একইসঙ্গে জুলাই জাতীয় সনদ চূড়ান্তে গণভোটে হ্যাঁ জয়ের পথে। বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে বিজয়ী হয়েছেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা বিজয়ী হয়েছেন। তাই নিশ্চিত সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আর দলের চেয়ারম্যান হচ্ছে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী।

এ ছাড়া রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত দুই শতাধিক আসনে বিএনপি’র প্রার্থীরা এগিয়ে ছিলেন। অর্ধশতাধিক আসনে বিজয়ী হওয়ার পথে ছিল জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান, এনসিপি’র নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহসহ আরও কয়েকজন এগিয়ে ছিলেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম মোহাম্মদ পরওয়ার পরাজয়ের পথে।

নির্বাচনে জাতীয় পার্টির কোনো নেতা নির্বাচনে জিততে পারেননি। বেসরকারি ফলাফলে এ তথ্য পাওয়া গেছে।

রাজধানীর বেশির ভাগ আসনে বিজয়ী হওয়ার পথে বিএনপি। সিলেট বিভাগে সবচেয়ে ভালো করেছে বিএনপি। এ ছাড়া দেশের পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে ভালো ফলাফল করেছে দলটি। ওদিকে উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলে জামায়াত জোটের প্রার্থীরা ভালো ফলাফল করেছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে একটানা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ২৯৯টি আসনে উৎসবমুখর পরিবেশে সহিংসতামুক্ত এই নির্বাচনে ভোটের হার এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি। তবে হ্যাঁ ভোট এগিয়ে আছে।

এবারের নির্বাচনের দিন সংঘাত সংঘর্ষের জেরে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

দীর্ঘ দেড় যুগ পর গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় নির্ভয়ে ভোটকেন্দ্রে যান ভোটাররা। অনেকে ভোটকেন্দ্রে গিয়ে আড্ডাবাজি ও সেলফিবাজিতে মেতে উঠেন। অনেকে ভোটকেন্দ্রের ছবি তুলে নিজের ফেসবুকে শেয়ার করেন। নির্বাচন ঘিরে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লক্ষাধিক সদস্য মোতায়েন ছিল। ভোটকেন্দ্রের বাইরে সেনাবাহিনী ও বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করেছে।

এদিকে স্ত্রী-কন্যাকে নিয়ে গুলশান মডেল হাইস্কুল কেন্দ্রে ভোট দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এসময় তিনি বলেন, আমরা প্রত্যাশা করছি, খুব সুন্দরভাবে দেশ পরিচালনা করতে সক্ষম হবো।

আন্দোলনরত দলগুলোকে নিয়ে সরকার হবে জানিয়ে তিনি বলেন, আমরা সকল রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়ে আন্দোলন ও সংগ্রাম করেছি। আমরা চাই, কম-বেশি সকলকে নিয়ে একসঙ্গে দেশ পরিচালনা করবো।

ওদিকে মনিপুর স্কুলে ভোট দেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। এ ছাড়া বাড্ডার বেরাইদে ভোট দেন এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বিএনপি জানিয়েছে, দলটি নিরঙ্কুশ বিজয় পেতে চলেছে।

বিকাল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষে রাজধানীর গুলশানে বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলের জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।

ওদিকে শান্তিপূর্ণ ভোট হওয়ায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এবারের নির্বাচন নিয়ে ভোট শেষের পর প্রতিদ্বন্দ্বী দলগুলো বড় কোনো অভিযোগ তুলেনি। ফলাফল বর্জনের তথ্যও মিলেনি খুব একটা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X