

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝ আকাশে হঠাৎ টার্বুলেন্সের (তীব্র ঝাঁকু) কবলে পড়ে। এতে ভারসাম্য হারিয়ে একজন কেবিন ক্রু গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসার পথে বিজি-০১২৮ ফ্লাইটে এই ঘটনা ঘটে।
ঘটনার পর কেবিন ক্রু শাবামা আজমী মিথিলাকে দ্রুত রাজধানীর পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক্স-রে পরীক্ষায় দেখা গেছে, তার বাম হাতের কনুইয়ের ওপরের হাড় ভেঙে গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার স্বাস্থ্যঝুঁকি ও অঙ্গহানির আশঙ্কা রয়েছে।
ফ্লাইটটি প্রায় ১৫ হাজার ফুট উচ্চতায় থাকাকালে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। তখন মিথিলা কেবিনে রুটিন দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ প্রবল টার্বুলেন্স শুরু হয়, যা প্রায় ছয় সেকেন্ড স্থায়ী ছিল। সিটবেল্টের সতর্কীকরণ সংকেত তখনো চালু হয়নি।
ধাক্কার কারণে মিথিলা ভারসাম্য হারিয়ে পড়ে যান এবং সঙ্গে সঙ্গে হাত ভেঙে যায়। প্রচণ্ড যন্ত্রণায়ও তিনি ফ্লাইটে ছিলেন।
অভিযোগ উঠেছে, দুর্ঘটনার পর বিমানবন্দর মেডিকেল সেন্টার থেকে কোনো চিকিৎসক ঘটনাস্থলে যাননি এবং জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্সও সরবরাহ করা হয়নি। বাধ্য হয়ে একজন নারী সহকর্মীর সহায়তায় তাকে হাসপাতালে নেয়া হয়।
ছুটির দিন হওয়ায় সরকারি পঙ্গু হাসপাতালে ভর্তি হলেও কোনো সার্জারি করা হয়নি। শুধু প্রাথমিক চিকিৎসা ও প্লাস্টার দেয়া হয়েছে। পরে মিথিলা বাসায় ফিরে যান।
ফ্লাইটের ক্যাপ্টেন ছিলেন ক্যাপ্টেন ইন্তেখাব, যিনি ডেপুটি চিফ অব ফ্লাইট সেফটি হিসেবেও দায়িত্বে ছিলেন। ফ্লাইটে ইনচার্জ হিসেবে দায়িত্বে ছিলেন ফ্লাইট পার্সার রনি।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেন, “আমাদের সহকর্মী মিথিলা আবুধাবি ফ্লাইটে ফেরার পথে টার্বুলেন্সে পড়ে গুরুতর আহত হয়েছেন। বিমানবন্দর থেকে তাকে সরাসরি পঙ্গু হাসপাতালে নেয়া হয়েছে।”
মন্তব্য করুন
