

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর শাহবাগ এলাকায় মোটরসাইকেল পোড়ানোর ঘটনায় দায়ের হওয়া বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়সহ ৭৭ জনকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে আদালত।
সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ পুলিশের জমা দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পেশকার রিয়াজ চৌধুরি।
এ মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, সাইফুল আলম নিরব এবং সুলতান সালাহ উদ্দিন টুকু।
অভিযোগে বলা হয়, ২০১৯ সালের ১২ ডিসেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানির দিন ধার্য ছিল। তার আগের দিন (১১ ডিসেম্বর) শাহবাগ থানার হাইকোর্ট মাজার গেট এলাকার সামনে একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় শাহবাগ থানার এসআই ইদ্রিস আলী বাদী হয়ে মামলা দায়ের করেন।
তদন্ত শেষে চলতি বছরের ১০ মে তদন্ত কর্মকর্তা আদালতে প্রতিবেদন দাখিল করেন, যেখানে সংশ্লিষ্ট ৭৭ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়।
মন্তব্য করুন
