

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


অস্ত্র আইনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, যিনি ‘ক্যাসিনো সম্রাট’ নামেও পরিচিত, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়া এ রায় ঘোষণা করেন। আসামি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর বিল্লাল হোসেন।
২০১৯ সালের ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে র্যাবের হাতে গ্রেফতার হন ইসমাইল চৌধুরী সম্রাট। পরে র্যাব তাকে নিয়ে রাজধানীর কাকরাইলস্থ তার অফিসে অভিযান চালায়। এ সময় বিদেশি মদ, একটি পিস্তল এবং বিরল প্রজাতির বন্যপ্রাণীর চামড়া উদ্ধার করা হয়।
সেই ঘটনায় বন্যপ্রাণীর চামড়া রাখার দায়ে সম্রাটকে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এরপরদিন (৭ অক্টোবর) র্যাব-১ এর ডিএডি আব্দুল খালেক বাদী হয়ে রমনা থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করেন।
দীর্ঘ তদন্ত শেষে ২০২০ সালের ৬ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা, র্যাব-১ এর উপ-পরিদর্শক শেখর চন্দ্র মল্লিক, আদালতে অস্ত্র মামলার অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন।
এরপর চলতি বছরের ১৬ জানুয়ারি আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করে। সেই সময় সম্রাট আদালতে উপস্থিত ছিলেন না, ফলে তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
বিচার প্রক্রিয়ায় ১৪ সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। গত ৭ অক্টোবর উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায় ঘোষণার জন্য ২৮ অক্টোবর দিন ধার্য করেন।
রায়ে আদালত সম্রাটকে অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। বর্তমানে তিনি পলাতক থাকায় রায়ের কপি পাঠানোর সঙ্গে সঙ্গেই তার বিরুদ্ধে গ্রেফতারি অভিযান শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
মন্তব্য করুন
