বুধবার
০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হত্যা ও হত্যা চেষ্টা মামলায় আটক দেখানো হলো সাবেক হুইপ আ স ম ফিরোজকে

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand

যাত্রাবাড়ী থানার পৃথক দুই মামলায় জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও সাবেক সংসদ সদস্য আ স ম ফিরোজকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাগুলোর একটি নাইম হাওলাদার হত্যা এবং অন্যটি তারেক চৌকিদারকে হত্যাচেষ্টার অভিযোগে করা।

বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এসব মামলায় ফিরোজকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ নিয়ে মোট ছয়টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলো।

এদিন ফিরোজকে আদালতে হাজির করা হলে তার উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপক্ষ গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি উপস্থাপন করে। পরে আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অন্যদিকে, ফিরোজের পক্ষে আইনজীবীরা তার চিকিৎসার জন্য আবেদন করেন। আদালত কারাবিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এর আগে ২০২৪ সালের ২৩ আগস্ট রাতে রাজধানীর বনানী এলাকা থেকে ফিরোজকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ভাটারা থানায় দায়ের করা সোহাগ মিয়া হত্যা মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

কারাগারে থাকা অবস্থায় গত ৩ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানার একটি হত্যাচেষ্টা ও একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। সেদিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ৯ সেপ্টেম্বর দিন ধার্য করেছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই দুপুরে যাত্রাবাড়ী থানাধীন উত্তর কুতুবখালী উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থান করছিলেন নাইম হাওলাদার। এ সময় তিনি বাম কাঁধের সামনের দিকে গুলিবিদ্ধ হন। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অন্যদিকে, একই দিন যাত্রাবাড়ী থানাধীন এলাকায় তারেক তৌকিদারের রুমমেট শিহাব ছাদে গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে তারেকও গুলিবিদ্ধ হন। এ ঘটনায় ২০২৫ সালের ২৬ মার্চ তারেক বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মামলা করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank