

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে গোপন ভিডিও ফাঁসের সন্দেহে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় হাইকোর্ট আগাম জামিন নিয়েছেন।
সোমবার (১০ আগস্ট) হাইকোর্ট থেকে তিনি এই আগাম জামিন নেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অনৈতিক সম্পর্ক ও ভিডিও ব্ল্যাকমেইলিংয়ের জেরে রাজধানীর পল্লবী থানায় এই হত্যাচেষ্টার মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী ওবায়দুল রহমান, যিনি গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়িচালক ছিলেন। এজাহারে বাদী উল্লেখ করেন, তার ভাগ্নির সঙ্গে নজরুল ইসলামের অনৈতিক সম্পর্ক গড়ে উঠলে তিনি বিষয়টি পরিবারকে জানান এবং সংসদ সদস্যকে বিরত থাকতে অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে নজরুল ইসলাম তাকে প্রাণনাশের হুমকি দেন।
পরবর্তীতে একটি চক্র ওই গোপন ভিডিও দিয়ে সংসদ সদস্যকে ব্ল্যাকমেইল করতে শুরু করলে, নজরুল ইসলামের সন্দেহ হয় যে তার গাড়িচালক ওবায়দুলই এই ভিডিও সংবাদমাধ্যম ও চক্রের হাতে তুলে দিয়েছেন। এই বিরোধের জেরে গত ১৪ জুলাই নজরুল ইসলামের নির্দেশে অন্য আসামিরা পল্লবীর কালশী এলাকায় একটি বাসায় ওবায়দুলকে লাঠি দিয়ে মারধর করেন এবং একপর্যায়ে গলা টিপে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালান। পরে ওবায়দুল কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা নেন।
এই মামলায় মোট ৫ জনকে আসামি করা হয়। তারা হলেন- গাজী নজরুল ইসলাম (৭৪), আমিনুর রহমান (৫৫), মাসুম বিল্লাহ (৪১), মোতাসসিম বিল্লাহ (২৫) ও রাকিবুল হাসান (৩০)।
মামলার আসামি আমিনুর রহমানকে ইতোমধ্যে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হলে, গত ২২ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত জামিন আবেদন না থাকায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিকে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) মামলাটি তদন্ত করে আগামী ২৮ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।