

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে জব্দ করা মাদকদ্রব্য ধ্বংসের সময় চুল্লি থেকে নির্গত ঘন ধোঁয়ায় হাজতখানার সামনে দায়িত্বরত পুলিশ সদস্য, আসামির স্বজন এবং আদালতে আসা সাধারণ মানুষের ভোগান্তির অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টদের দাবি, চিমনির উচ্চতা কম হওয়ায় ধোঁয়া ওপরে উঠে ছড়িয়ে না গিয়ে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে।
ঘটনাস্থলে দেখা যায়, আদালতের নির্দেশে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দ করা গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য চুল্লিতে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় চুল্লি থেকে বের হওয়া ঘন ধোঁয়া বাতাসের সঙ্গে হাজতখানা ও আদালত প্রাঙ্গণের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। ফলে সেখানে অবস্থানরত অনেকেই অস্বস্তিতে পড়েন।
পরিচয় প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আসামির স্বজন জানান, ধোঁয়া সরাসরি নাক-মুখে এসে লাগায় সেখানে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা কষ্টকর হয়ে পড়ে। তাদের অভিযোগ, ধোঁয়ার তীব্র গন্ধে চোখ জ্বালা, শ্বাস নিতে অস্বস্তি এবং মাথা ঝিমঝিমের মতো অনুভূতি হয়।
বিশেষজ্ঞদের মতে, যেকোনো পদার্থ পোড়ানোর সময় উৎপন্ন ধোঁয়া শ্বাসতন্ত্রের জন্য বিরক্তিকর হতে পারে। বিশেষ করে ধোঁয়ার ঘনত্ব বেশি হলে চোখ, নাক ও গলায় জ্বালাপোড়া, কাশি এবং শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিতে পারে। তবে ধোঁয়ার স্বাস্থ্যগত প্রভাব নির্ভর করে এর উপাদান, ঘনত্ব এবং কতক্ষণ মানুষ এর সংস্পর্শে থাকছে তার ওপর।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দিনাজপুর জেলা কার্যালয়ের প্রসিকিউটর শাকিল আর সালান এনপিবিকে বলেন, আদালত প্রাঙ্গণে মাদক ধ্বংসের সময় নির্গত ধোঁয়ার মধ্যে দীর্ঘ সময় অবস্থান করলে বিশেষ করে শিশু, বয়স্ক এবং শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের বিভিন্ন শারীরিক জটিলতা, এমনকি ফুসফুসের সমস্যাও দেখা দিতে পারে। তিনি আরও দাবি করেন, নিয়মিত এ ধরনের ধোঁয়ার সংস্পর্শে এলে কিছু মানুষের মধ্যে নেশার প্রতি আকর্ষণ তৈরি হওয়ার আশঙ্কা থাকতে পারে।
আদালত প্রাঙ্গণে নিয়মিত আগতদের অভিযোগ, বর্তমান চিমনির উচ্চতা পর্যাপ্ত না হওয়ায় ধোঁয়া সরাসরি মানুষের চলাচলের এলাকায় ছড়িয়ে পড়ছে। তাদের দাবি, চিমনির উচ্চতা বৃদ্ধি বা আধুনিক ধোঁয়া নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন করা হলে ধোঁয়া উঁচুতে ছড়িয়ে পড়বে এবং আদালত প্রাঙ্গণে অবস্থানরত মানুষকে এ ধরনের ভোগান্তির মুখে পড়তে হবে না।