শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাবি ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলায় জামায়াত-শিবিরের সব আসামি খালাস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০৩:৩৩ পিএম আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০৩:৩৪ পিএম
ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন-ফাইল ছবি
expand
ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন-ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন হত্যা মামলায় অভিযুক্ত ১০৫ জনই আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন।

রোববার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে রাজশাহী মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. জুলফিকার উল্লাহ এই রায় ঘোষণা করেন।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) কানিজ ফাতিমা জানান, মামলায় মোট ১০৫ জনকে আসামি করা হয়েছিল। তাদের মধ্যে কয়েকজন মারা গেছেন। বাকি আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য বা প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি। কোনো সাক্ষীই নির্দিষ্টভাবে কাউকে অভিযুক্ত করতে পারেননি। ফলে আদালত সব আসামিকে খালাস দেন।

ঘটনাটি ২০১০ সালের ৮ ফেব্রুয়ারির। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়। পরদিন সকালে ছাত্রলীগের কর্মী ফারুক হোসেনের মরদেহ একটি ম্যানহোলে পাওয়া যায়।

এরপর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম অপু বাদী হয়ে মতিহার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় নাম উল্লেখ করা হয় ৩৫ জন জামায়াত-শিবির নেতাকর্মীর এবং অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করা হয়।

প্রায় আড়াই বছর পর, ২০১২ সালের ২৮ জুলাই তদন্ত কর্মকর্তা জিল্লুর রহমান ১,২৬৯ পৃষ্ঠার অভিযোগপত্র আদালতে দাখিল করেন। এতে জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ মোট ১১০ জনকে অভিযুক্ত করা হয়।

দীর্ঘ ১৫ বছর পর এই মামলার রায়ে সব আসামি খালাস পান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন