

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। এতে ওই সরকারের আমলে গৃহীত আইন প্রণয়ন, সংস্কার কমিশন গঠন এবং বিভিন্ন দেশি-বিদেশি চুক্তির আইনগত ভিত্তি নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
রিট আবেদনে এসব বিষয়ে একটি কমিশন গঠন করে পূর্ণাঙ্গ তদন্ত করার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখার আর্জিও করা হয়েছে।
রোববার (৩ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মুহাম্মদ মুহসিন রশিদ। রিটে কেবিনেট সচিব ও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দুই সচিবকে বিবাদী করা হয়েছে।
সিনিয়র আইনজীবী মুহাম্মদ মুহসিন রশিদ নিজে রিটের বিষয়টি নিশ্চিত করেন। এ সংক্রান্ত বিষয়ে আজ দুপুর একটায় ব্রিফিংয়ে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন আইনজীবী।
এর আগে শপথ ও এই সরকারের গঠন প্রক্রিয়াকে বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী। ওই রিট আবেদন হাইকোর্টের একটি বেঞ্চ খারিজ করে দিয়েছিলেন। এর পর তিনি ওই খারিজ আদেশের বিরুদ্ধে আপিল আবেদন করেছিলেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর সংসদ ভেঙে দেওয়া হয় এবং ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। পরবর্তীতে রাষ্ট্রপতির রেফারেন্সে সুপ্রিম কোর্ট সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী মতামত দিয়ে জানায়, সাংবিধানিক শূন্যতা পূরণের প্রয়োজনে অন্তর্বর্তী সরকার গঠন ও উপদেষ্টা নিয়োগ বৈধভাবে করা যেতে পারে।
মন্তব্য করুন
