

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী নিজের বৈবাহিক জীবন ও স্বামী সম্পর্কে এক মজার অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি রসিকতা করে জানান, তিনি তার স্বামীর প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র স্ত্রী।
মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি অভিজ্ঞতার শেয়ার করেন।
পোস্টে দীপ্তি চৌধুরী লেখেন, ‘আমার সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি (স্বামী) নিশ্চিত করেছেন, ভবিষ্যতে আর কোনো বিয়ে করার সম্ভাবনা তার নেই। আমার সাথে পরিচয়ের আগে তিনি বিবাগী বিজ্ঞানী হিসেবে জীবন অতিবাহিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন।’
পোস্টে তিনি আরো লেখেন, ‘সব অতি পরিচিত, অল্প পরিচিত শুভানুধ্যায়ীরা তার বিয়ে দেওয়ার নানা রূপ চেষ্টা করে হাল ছেড়ে দিতে শুরু করেছিলেন। আমি তাকে প্রেমের ফাঁদে ফেলে তার বৃহৎ মহৎ চিন্তা জগতে ক্ষুদ্র সাংসারিক স্বপ্ন বুনে দিই। ফলে বেচারা বিয়ে নামক জালে স্বেচ্ছায় লাফাতে লাফাতে আটকে গেলেন।’
দীপ্তি চৌধুরী লেখেন, ‘এখন পর্যন্ত নির্দিষ্ট কিছু মানুষের নানাবিধ কটূক্তি, উদ্দেশ্য প্রণোদিত মিথ্যাচার, ট্রলিং আমার ভদ্রলোক স্বামীকে বিন্দুমাত্র বিচলিত করতে পারেনি। লোকটা এত সুন্দর করে পৃথিবীটা দেখে- চারপাশের সব ক্ষুদ্রতা যেন লজ্জায় তার পায়ের নিচে লুটিয়ে পড়ে। লোকটার আসলে এলেম আছে। নইলে কি আর আমাকে বিয়ে করে/ আমি তাকে বিয়ে করি!’
প্রসঙ্গত, চলতি বছরের ৫ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুশতাক ইবনে আইয়ুবকে বিয়ে করেন দীপ্তি চৌধুরী। দীপ্তি চৌধুরী টেলিভিশন টকশো ‘টু দ্য পয়েন্ট’ এবং ‘স্ট্রেইট কাট’সহ একাধিক অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে আলোচনায় আসেন।


