

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চিকিৎসা না পাওয়ার অভিযোগ তুলে আদালতে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগ নেতা ডা. দীপু মনি।
সোমবার (৬ অক্টোবর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তিনি বলেন, আমাদের কি সত্যিই মরিয়া প্রমাণ করতে হবে যে আমরা অসুস্থ?
সেদিন সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ প্রহরায় সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি ও সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমকে আদালতে আনা হয়। শাহবাগ থানার জুট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলায় দীপু মনির ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মাইনুল খান পুলক। একই সঙ্গে লালবাগ থানার শাওন সিকদার হত্যা মামলায় সোলায়মান সেলিমকে গ্রেফতার দেখানোর আবেদনও করা হয়।
দীপু মনির রিমান্ড শুনানিতে তার পক্ষে আইনজীবী গাজী ফয়সাল ইসলাম আদালতকে বলেন, দীর্ঘদিন কারাগারে থাকার কারণে তিনি মারাত্মক অসুস্থ। নারী হিসেবে নানান শারীরিক সমস্যায় ভুগছেন। মামলার এজাহারে নাম থাকলেও তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই।
এরপর আদালতের অনুমতি নিয়ে দীপু মনি নিজেই বলেন, গত মাসে আমি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলাম, কিন্তু প্রয়োজনীয় সব পরীক্ষা সম্পন্ন করা যায়নি। পরে অনুমতি থাকলেও পুলিশ স্কোয়াডের অভাবে আর হাসপাতালে নেওয়া হয়নি। আজও চিকিৎসকের কাছে যাওয়ার কথা ছিল, কিন্তু দেখা গেল আদালতে আনা হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, আমার বিরুদ্ধে ৬০টির বেশি মামলা রয়েছে। তবুও আইনজীবীর সঙ্গে কথা বলার সুযোগ পাই না। এক বছরে মাত্র তিনবার সাক্ষাৎ হয়েছে। অন্তত আদালতে আনা হলে যেন সেই দিনই আইনজীবীর সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী আদালতকে বলেন, কারা বিধি অনুযায়ী সাক্ষাতের সুযোগ রয়েছে। জেলগেটে সাক্ষাৎ করা সম্ভব। হাসপাতালে নেওয়ার বিষয়টি রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে।
এ সময় ক্ষোভ প্রকাশ করে দীপু মনি বলেন, সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন চিকিৎসা না পাওয়ায় মারা গেছেন। এখন আমাদেরও কি মরিয়া প্রমাণ করতে হবে যে আমরা অসুস্থ?
শুনানির সময় উপস্থিত আইনজীবীদের সঙ্গে কথোপকথনে পাশে থাকা সোলায়মান সেলিম বলেন, এখানে আইনি যুক্তি চলছে, সবাই কি রাষ্ট্রপক্ষের?” উপস্থিত এক আইনজীবী বলেন, “গায়ে এখনো রক্তের দাগ লেগে আছে। উত্তরে সোলায়মান সেলিম বলেন, তাই বলে কি আমরা চিকিৎসা পাব না?
সব দিক বিবেচনা করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শাহবাগ থানার মামলায় দীপু মনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। পাশাপাশি লালবাগ থানার শাওন সিকদার হত্যা মামলায় সাবেক এমপি সোলায়মান সেলিমকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়। সকাল ১১টার দিকে পুলিশ প্রহরায় তাদের আদালতের হাজতখানায় নেওয়া হয়।
মন্তব্য করুন
