

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জুলাই আন্দোলনের সময় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায় আজ (বৃহস্পতিবার) ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই রায় দেবেন। আলোচিত এ মামলায় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদসহ ৩০ জন আসামি রয়েছেন।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে আরও আছেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
গত মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম বলেন, জুলাইয়ের আন্দোলনে আবু সাঈদ অন্যতম শহীদ ছিলেন এবং তিনি অত্যন্ত নৃশংসভাবে নিহত হন। এই ঘটনার দৃশ্য দেশ-বিদেশে ব্যাপকভাবে আলোচিত হয়েছে। জাতিসংঘের প্রতিবেদনেও এ হত্যাকাণ্ডের উল্লেখ রয়েছে এবং তদন্তে এর শক্ত প্রমাণ পাওয়া গেছে। প্রসিকিউশনের বিশ্বাস, অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হবে এবং তারা প্রত্যাশিত রায় পাবেন।
মামলার ৩০ জন আসামির মধ্যে ৬ জন বর্তমানে গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন, বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, রেজিস্ট্রার দপ্তরের সাবেক চুক্তিভিত্তিক কর্মচারী মো. আনোয়ার পারভেজ, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী (আকাশ নামে পরিচিত)।
অন্যদিকে, সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদসহ ২৪ জন আসামি এখনো পলাতক। এদের মধ্যে রয়েছেন গণিত বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক মো. মশিউর রহমান, লোকপ্রশাসন বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মণ্ডল, সাবেক সহকারী রেজিস্ট্রার মো. হাফিজুর রহমান, সাবেক সেকশন অফিসার মো. মনিরুজ্জামান পলাশ এবং সাবেক এমএলএসএস কর্মচারী মোহাম্মদ নুরুন্নবী মণ্ডলসহ আরও অনেকে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আবু সাঈদ গুলিবিদ্ধ হয়ে মারা যান। তার মৃত্যুর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
মন্তব্য করুন
