মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এয়ারপ্লেন মোডে কি সত্যিই দ্রুত চার্জ হয়?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০৬:১৭ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

স্মার্টফোন চার্জে দিয়ে এয়ারপ্লেন মোড চালু করলে ব্যাটারি দ্রুত চার্জ হয়- সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রযুক্তিপ্রেমীদের মধ্যে এই ধারণার প্রচলন বেশ পুরনো।

তবে বাস্তবে এর সুফল কিন্তু একেবারেই সামান্য। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেট-এর বিশ্লেষণ বলছে, এয়ারপ্লেন মোড চালু করলে চার্জিংয়ের গতি কিছুটা বাড়লেও দৈনন্দিন ব্যবহারে সেই ফারাক সাধারণ মানুষের চোখে পড়ার মতো নয়।

চার্জিংয়ের গতি সামান্য বাড়ার মূল কারণ

ফোন যখন সচল থাকে, তখন সেলুলার নেটওয়ার্ক, মোবাইল ডেটা, ওয়াইফাই ও ব্লুটুথ সংযোগ ধরে রাখতে ব্যাটারিকে প্রতিনিয়ত শক্তি খরচ করতে হয়। এয়ারপ্লেন মোড চালু করলে এই বেতার সংযোগগুলো সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

ফলে ব্যাটারির নিজস্ব শক্তির অপচয় কমে এবং চার্জারের বিদ্যুতের প্রায় পুরোটাই ব্যাটারিতে জমা হতে থাকে। তবে নানা পরীক্ষায় দেখা গেছে, এতে পুরো ফোন ফুল চার্জ হতে গড়ে মাত্র ৪ থেকে ১১ মিনিট সময় বাঁচে, যা খুব একটা বড় পার্থক্য নয়।

ব্যাটারি সাশ্রয়ে এয়ারপ্লেন মোডের আসল কাজ

মূলত বিমানে নিরাপদে ডিভাইস ব্যবহারের জন্য এই ফিচারটি তৈরি করা হলেও অনেকেই নোটিফিকেশনের ঝামেলা থেকে বাঁচতে বা নিরিবিলি থাকতে এটি ব্যবহার করেন। চার্জিংয়ের গতির চেয়ে ব্যাটারি ব্যাকআপ দীর্ঘ করার ক্ষেত্রে এটি বেশি কার্যকর।

বিশেষ করে নেটওয়ার্ক দূর্বল এমন কোনো স্থানে এয়ারপ্লেন মোড চালু রাখলে ফোন বারবার সিগন্যাল খোঁজা বন্ধ করে, ফলে দ্রুত ব্যাটারি ড্রেন হওয়া থেকে রক্ষা পাওয়া যায়।

দ্রুত চার্জ নিশ্চিত করতে কার্যকর কিছু উপায়

দ্রুত চার্জ পাওয়ার জন্য এয়ারপ্লেন মোডের ওপর ভরসা না করে উন্নত প্রযুক্তি ও কিছু নিয়ম মেনে চলাই বুদ্ধিমানের কাজ:

সঠিক চার্জার নির্বাচন: ফোনের সমর্থিত সর্বোচ্চ ওয়াটের আসল চার্জার এবং ভালো মানের ইউএসবি-সি কেবল ব্যবহার করুন।

ব্যবহার সীমিত রাখা: চার্জে থাকা অবস্থায় ভারী অ্যাপ চালানো, গেম খেলা বা স্ক্রিনের উজ্জ্বলতা বেশি রাখা থেকে বিরত থাকুন।

ওয়্যারলেস চার্জিং: ওয়্যারলেস প্যাড ব্যবহারের ক্ষেত্রে ফোনের সাথে মানানসই ও আধুনিক প্রযুক্তির চার্জার বেছে নিন।

সব মিলিয়ে, খুব জরুরি মুহূর্তে কয়েক মিনিটের ব্যবধান জরুরি না হলে এয়ারপ্লেন মোড চালুর প্রয়োজন নেই। কারণ এটি চালুর ফলে গুরুত্বপূর্ণ কল, মেসেজ বা ইন্টারনেট নোটিফিকেশন মিস হওয়ার ঝুঁকি থাকে।

তার চেয়ে বরং ভালো চার্জার ব্যবহার করা ও চার্জের সময় ফোন শান্তিতে রেখে দেওয়াটাই সবচেয়ে কার্যকর সমাধান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন