বৃহস্পতিবার
২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক পদে রদবদল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৯:৪৫ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) পদে রদবদল এনেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বর্তমান পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে তার স্থলে ওএসডি (উপপরিচালক) ডা. মো. নুরুল ইসলামকে পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে। একই সঙ্গে তাদের আগামী ২৬ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্রে জানা যায়, ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান ২০২৩ সালের জানুয়ারিতে স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (হাসপাতাল) হিসেবে দায়িত্ব নেন। পরে তিনি পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) পদে পদায়ন পান। এর আগে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রসঙ্গত, গত বছর বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এক বিবৃতিতে ডা. মঈনুল আহসানকে ‘ফ্যাসিবাদের দোসর’ হিসেবে উল্লেখ করে তার অপসারণের দাবি জানিয়েছিল।

অন্যদিকে, ডা. মো. নুরুল ইসলাম ওএসডি হওয়ার আগে স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ (এনসিডিসি) কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন