সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বৃষ্টির দিনে কোন ধরনের পোশাক পরবেন?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০৫:১৯ পিএম আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৮:০১ পিএম
এনপিবি কোলাজ
expand
এনপিবি কোলাজ

বৃষ্টির দিনে অলস দুপুরে জানালায় বসে খিচুড়ি খাওয়া বা মেঘলা আকাশ দেখা যতটা রোমান্টিক, কাজের প্রয়োজনে বাইরে বের হওয়া ঠিক ততটাই ঝামেলার। কাদা-জল আর হঠাৎ বৃষ্টির এই মৌসুমে ফ্যাশন ধরে রাখা এবং আরামদায়ক থাকা- দুই-ই বেশ চ্যালেঞ্জিং।

তবে একটু বুঝেশুনে পোশাক ও ফেব্রিক নির্বাচন করলে বর্ষার দিনেও নিজেকে পরিপাটি ও প্রাণবন্ত রাখা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক, এই মেঘ-বৃষ্টির দিনে কেমন হবে আপনার পোশাকের ফ্যাশন।

বৃষ্টির দিনে পোশাকের ধরন

ঢিলেঢালা পোশাক: বৃষ্টির দিনে আঁটসাঁট বা টাইট পোশাক একদমই এড়িয়ে চলুন। এর বদলে ফ্রক স্টাইলের জামা, কুর্তি বা একটু ঢিলেঢালা পোশাক বেছে নিন। এতে কোনো কারণে ভিজে গেলেও অস্বস্তি হবে না।

লেয়ারিং ফ্যাশন: টি-শার্টের ওপর একটি ট্রেন্ডি কোটি বা শ্রাগ পরে নিতে পারেন। বাইরে গরম লাগলে বা কোনো কারণে ভিজে গেলে এটি সহজে খুলে ব্যাগে রেখে দেওয়া যায়।

শাড়িপ্রেমীদের জন্য: যারা শাড়ি পরতে ভালোবাসেন, তারা বর্ষায় সুতি এড়িয়ে জর্জেট বা সিল্কের শাড়ি বেছে নিন। এগুলো ভিজে গেলেও খুব দ্রুত শুকিয়ে যায়।

বর্ষার মোটিফ: পোশাকে যদি বর্ষার আমেজ, যেমন- কদম ফুল, মেঘ বা বৃষ্টির ফোটার মোটিফ (নকশা) থাকে, তবে আপনাকে দেখতে বেশ প্রাণবন্ত ও সতেজ লাগবে।

কেমন ফেব্রিক বা কাপড় বেছে নেবেন?

ঝটপট শুকায় এমন কাপড়: বর্ষার দিনে এমন কাপড় পরা উচিত যা ভিজলে দ্রুত শুকিয়ে যায়। কাপড় ভেজা থাকলে ত্বকে ছত্রাক বা ফাঙ্গাল ইনফেকশনের ঝুঁকি বাড়ে। তাই এ সময় সিনথেটিক, শিফন বা পাতলা সুতি কাপড় পরা বুদ্ধিমানের কাজ হবে।

ভারী নকশা এড়িয়ে চলুন: জমকালো, ভারী কাজের বা জবড়জং পোশাক এ সময় না পরাই ভালো। কারণ এই ধরনের পোশাক ভিজলে সহজে শুকাতে চায় না এবং তা বয়ে বেড়ানোও বেশ ঝামেলার।

রঙের জাদু

মেঘলা আকাশে চারপাশ এমনিতেই কিছুটা ধূসর আর অন্ধকার দেখায়। তাই এই সময়ে খুব গাঢ় বা ম্যাড়ম্যাড়ে রঙের পোশাক পরলে দেখতে ভালো লাগে না।

বর্ষার দিনগুলোকে রঙিন করে তুলতে হলুদ, কমলা বা আকাশী নীলের মতো উজ্জ্বল রঙের পোশাক বেছে নিন, যা আপনার মনের সাথে সাথে চারপাশের পরিবেশকেও চনমনে করে তুলবে।

বর্ষা মানেই ফ্যাশনে আপস করা নয়, বরং প্রকৃতির এই রূপের সাথে নিজেকে একটু অন্যভাবে সাজিয়ে নেওয়ার সুযোগ। তাই জ্যাম আর কাদা-পানির ভয় দূরে ঠেলে সঠিক ফেব্রিক ও উজ্জ্বল রঙের পোশাক বেছে নিন।

এতে একদিকে যেমন সারাদিন স্বস্তিতে থাকা যাবে, অন্যদিকে মেঘলা দিনেও আপনার লুকে থাকবে এক দারুণ সতেজ ভাব। বর্ষার দিনগুলো কাটুক ফ্যাশনেবল ও নিরাপদে!

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন