

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতীয় স্ট্যান্ডআপ কমেডিয়ান যশ ভরদ্বাজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি রসাত্মক ভিডিও প্রকাশের জেরে দুবাইয়ে ৪৭ দিন আটক থাকতে হয়েছে।
সেই অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জানান, ঘটনাটি তার এবং পরিবারের জীবনে বড় ধরনের মানসিক, শারীরিক ও আর্থিক চাপ তৈরি করেছিল।
যশের দাবি, ২০২৬ সালের মার্চে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সময় তিনি দুবাইয়ে গুগল ম্যাপের কার্যকারিতা নিয়ে একটি হাস্যরসাত্মক রিল তৈরি করেছিলেন।
তার ভাষ্য অনুযায়ী, ভিডিওটি ছিল সম্পূর্ণ নিরীহ এবং কৌতুকনির্ভর। তবে স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টিকে ভিন্নভাবে দেখেছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে ঘটনার বর্ণনায় তিনি জানান, গত ১৯ মার্চ দুবাইয়ে একটি শো চলাকালে পুলিশ তার সঙ্গে যোগাযোগ করে এবং অবিলম্বে থানায় হাজির হওয়ার নির্দেশ দেয়।
পরে তাকে জানানো হয়, সংশ্লিষ্ট ভিডিওটিকে জাতীয় নিরাপত্তার জন্য সম্ভাব্য হুমকি হিসেবে বিবেচনা করা হয়েছে।
এরপরই যশকে আটক করা হয় এবং প্রায় ৪৭ দিন একটি ডিটেনশন সেন্টারে রাখা হয়। দীর্ঘ এই সময় তিনি পুলিশি হেফাজতেই ছিলেন বলে জানিয়েছেন। অবশেষে গত ৫ মে তাকে ভারত ফেরত পাঠানো হয়।
বর্তমানে তিনি মুম্বাইয়ে অবস্থান করছেন এবং নতুন করে নিজের পেশাগত জীবন গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন।
এই অভিজ্ঞতার প্রভাব সম্পর্কে যশ বলেন, বন্দিদশার সময় তার পরিবারকে নানা ধরনের সংকটের মধ্য দিয়ে যেতে হয়েছে। মানসিক চাপের পাশাপাশি আর্থিক ক্ষতিরও মুখোমুখি হতে হয়েছে তাদের।
তবে কঠিন সেই সময় পেছনে ফেলে আবারও মঞ্চে ফিরতে শুরু করেছেন এই কমেডিয়ান। তিনি জানিয়েছেন, মুম্বাইয়ে ফিরে দর্শক ও সহকর্মীদের কাছ থেকে ব্যাপক সমর্থন পেয়েছেন।
