

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা থেকে এখন তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। টানা রাজনৈতিক নাটক, জোটের সমীকরণ আর উত্তেজনার পর অবশেষে রোববার (১০ মে) চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। আর এই ঐতিহাসিক মুহূর্তেই নতুন করে আলোচনায় উঠে আসে অভিনেত্রী তৃষা কৃষ্ণান-এর নাম।
শপথগ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথিদের ভিড়ে উপস্থিত ছিলেন তৃষাও। স্নিগ্ধ সাজে অভিনেত্রীর উপস্থিতি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। তবে এই উপস্থিতিই যেন নতুন করে বিতর্কের জন্ম দিল।
দক্ষিণী গায়িকা সুচিত্রা রামাদুরাই প্রকাশ্যে তৃষাকে কটাক্ষ করে ‘পরজীবী’ বলে মন্তব্য করেছেন। শুধু তাই নয়, অভিনেত্রীকে ‘সুযোগসন্ধানী’ বলেও আখ্যা দিয়েছেন তিনি।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সুচিত্রা বলেন, “আমি তৃষাকে একেবারেই পছন্দ করি না। এটা আমি প্রকাশ্যেই বলছি। আমার এই বক্তব্য কোনোভাবেই বদলাবে না। আমি বিজয়কে খুব পছন্দ করি। তাই কোনো পক্ষ না নিয়েই নিজের মতামত জানাচ্ছি।” এরপরই আরও বিস্ফোরক মন্তব্য করেন এই গায়িকা। তার ভাষায়, সফল মানুষ যখন পরিবার ও কাছের মানুষদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন, তখনই তাদের জীবনে ‘পরজীবীদের’ প্রবেশ ঘটে। যদিও তিনি এখানে সরাসরি তৃষার নাম নেননি, তবে নেটিজেনদের দাবি, ইঙ্গিতটা স্পষ্টভাবেই অভিনেত্রীর দিকেই ছিল।
সুচিত্রা বলেন, “বিজয় এখন একা। তিনি পরিবার থেকে দূরে সরে গেছেন। এই সময়ে তার সবচেয়ে বেশি প্রয়োজন তার বাবা চন্দ্রশেখরের পরামর্শ। বাবাকে পাশে না পেলে রাজনীতিতে তার পথ কঠিন হয়ে যেতে পারে।” গায়িকার এমন মন্তব্য ঘিরে এখন তুমুল আলোচনা চলছে পুরো নেটদুনিয়ায়। কেউ বলছেন এটি ব্যক্তিগত আক্রমণ, আবার কেউ মনে করছেন– দীর্ঘদিন ধরেই বিজয় ও তৃষাকে ঘিরে চলা গুঞ্জনের কারণেই এমন মন্তব্য সামনে এসেছে।
এদিকে শপথগ্রহণ অনুষ্ঠানে তৃষার উপস্থিতি নিয়েও সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা। কারণ দীর্ঘদিন ধরেই বিজয় ও তৃষার সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে। যদিও এ বিষয়ে কখনোই প্রকাশ্যে মুখ খোলেননি এই দুই তারকা।
