বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কথা বলা নিষেধ ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতার!

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৬, ০২:৪১ পিএম আপডেট : ১০ জুন ২০২৬, ০৩:৩৮ পিএম
‘ব্যাচেলর পয়েন্ট’-এর নির্মাতা কাজল আরেফিন অমি ।। ফাইল ছবি
expand
‘ব্যাচেলর পয়েন্ট’-এর নির্মাতা কাজল আরেফিন অমি ।। ফাইল ছবি

জনপ্রিয় নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নির্মাতা কাজল আরেফিন অমি হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুটিংয়ের ব্যস্ততার মধ্যেই তার গলায় জটিলতা দেখা দিলে চিকিৎসকের শরণাপন্ন হন। পরে পরীক্ষায় তার গলায় একটি সিস্ট ধরা পড়ে।

মঙ্গলবার (০৯ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন অমি।

তিনি জানান, কয়েকদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছিলেন এবং চিকিৎসাও নিচ্ছিলেন। তবে শারীরিক অসুস্থতার মধ্যেও পর্যাপ্ত বিশ্রাম না নিয়ে শুটিং চালিয়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

অমির ভাষ্য, শুটিং চলাকালে হঠাৎ গলায় তীব্র অস্বস্তি অনুভব করেন তিনি। কিছু সময়ের মধ্যেই কণ্ঠস্বর দুর্বল হয়ে যায় এবং স্বাভাবিকভাবে কথা বলতেও সমস্যা শুরু হয়। পরে শুটিং স্থগিত করে হাসপাতালে গেলে চিকিৎসকেরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে গলায় সিস্টের উপস্থিতি শনাক্ত করেন।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আগামী এক সপ্তাহ তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। এ সময় কথা বলা থেকেও বিরত থাকতে বলা হয়েছে, যাতে গলার ওপর অতিরিক্ত চাপ না পড়ে।

চিকিৎসকরা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে অবস্থার উন্নতি না হলে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। তবে আপাতত পর্যবেক্ষণ ও বিশ্রামের মাধ্যমেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে।

নিজের শারীরিক অবস্থা সম্পর্কে জানিয়ে অমি বলেন, এই পরিস্থিতি তার জন্য বেশ কষ্টকর। দ্রুত সুস্থ হয়ে আবারও কাজে ফিরতে এবং দর্শকদের জন্য নতুন কনটেন্ট নিয়ে হাজির হতে চান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন