মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তানিয়া বৃষ্টির মৃত্যুর ‘গুজব’ নিয়ে যা জানা গেল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০৫:০৮ পিএম
জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ।। ফাইল ছবি
expand
জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ।। ফাইল ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যুর গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন ছোটপর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্বেগের মধ্যে তিনি জানিয়েছেন, তিনি সুস্থ আছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাসায় বিশ্রামে সময় কাটাচ্ছেন।

মঙ্গলবার (৯ জুন) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তানিয়া বৃষ্টি বলেন, তাকে নিয়ে প্রচারিত মৃত্যুর খবর সম্পূর্ণ ভিত্তিহীন। বর্তমানে তিনি চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছেন। তার ভাষ্য, আল্লাহর রহমতে তিনি ভালো আছেন এবং চিকিৎসকদের নির্দেশনা মেনে চলছেন।

অভিনেত্রী জানান, চলমান চিকিৎসা প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী ২০ জুন কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষা করানোর কথা রয়েছে। এর প্রস্তুতিও নিচ্ছেন তিনি। ইতোমধ্যে দুটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ভবিষ্যতে আরও একটি অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে, তবে সেটির জন্য এখনও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।

তানিয়া বৃষ্টি বলেন, মস্তিষ্কে নতুন কোনো জটিলতা এড়াতে তিনি বেশির ভাগ সময় বাসাতেই অবস্থান করছেন। চিকিৎসা ও বিশ্রামকেই এখন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন বলে জানান এই অভিনেত্রী।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। পরে অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হয়। এরপর থেকে তিনি নিয়মিত চিকিৎসা নিচ্ছেন।

উন্নত চিকিৎসার জন্য গত মার্চ মাসে ভারতের চেন্নাইয়ে যান তানিয়া বৃষ্টি। সেখানে চিকিৎসা শেষে এপ্রিলের শেষ দিকে দেশে ফেরেন। দেশে ফিরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশ্রামে আছেন এবং পরবর্তী চিকিৎসার প্রস্তুতি নিচ্ছেন।

ছোটপর্দার নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পাওয়া তানিয়া বৃষ্টি ২০১৫ সালে ‘ঘাসফুল’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক করেন। পরে ‘গোয়েন্দাগিরি’ সিনেমাতেও অভিনয় করে আলোচনায় আসেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন