শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

সালমান শাহের মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা: স্ত্রী সামিরাসহ আসামি ১১

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ১০:১৬ এএম আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ১০:২০ এএম
চিত্রনায়ক সালমান শাহ ও তার স্ত্রী সামিরা হক
expand
চিত্রনায়ক সালমান শাহ ও তার স্ত্রী সামিরা হক

চলচ্চিত্রের প্রিয় নায়ক সালমান শাহের মৃত্যুর প্রায় তিন দশক পর অবশেষে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর রমনা থানায় মামা আলমগীর কুমকুম এ মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত করা হয়েছে নায়ক সালমান শাহের স্ত্রী সামিরা হকসহ মোট ১১ জনকে।

জানা গেছে, আদালতের নির্দেশে সালমান শাহর মৃত্যুর ঘটনায় পুনঃতদন্তের নির্দেশের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এই মামলা করা হয়।

মামা আলমগীর কুমকুম বলেন, সালমান শাহর বাবা ম্যাজিস্ট্রেট ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি চেষ্টা করেছিলেন এই মৃত্যুকে হত্যা মামলায় রূপান্তরিত করতে। এখন, এতদিন পর এটি সম্ভব হলো। ইনশাআল্লাহ প্রমাণ হবে যে এটি হত্যা ছিল, আত্মহত্যা নয়।

মামলার এজাহারে প্রথম আসামি হিসেবে নাম রয়েছে সামিরা হকের।

এছাড়া অভিযুক্ত আছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডনসহ আরও কয়েকজন। মোট ১১ জনের পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার হয়। দীর্ঘ তিন দশক ধরে এটি অপমৃত্যু মামলা হিসেবেই তদন্ত করা হয়। পরে পিবিআই তাদের প্রতিবেদনে সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে জানিয়েছিল।

তবে সালমান শাহর মা নীলা চৌধুরী শুরু থেকেই প্রতিবেদন অস্বীকার করেছেন এবং দাবি করেছেন, তার ছেলে হত্যা করা হয়েছে। এ ধারাবাহিকতায় মামা আলমগীর কুমকুম এবার আনুষ্ঠানিকভাবে হত্যা মামলা দায়ের করেন।

বাদীর আইনজীবী ফারুক আহমেদ জানান, ১১ জনের পাশাপাশি অজ্ঞাতনামা আরও কিছু আসামি থাকবেন। যদি কেউ মারা যায়, তাকে মামলার তালিকা থেকে বাদ দেওয়া হবে।

ঢাকার মহানগর দায়রা জজ আদালত সোমবার পর্যবেক্ষণ করেন, সালমান শাহর মৃত্যুর তদন্তে পদে পদে অন্যায় হয়েছে এবং কেউ দায়িত্বশীল আচরণ করেনি। আদালতের এই মন্তব্যের পরই মামলার পুনঃতদন্তের নির্দেশ আসে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন