

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান জানিয়েছেন, শুধুমাত্র অভিনয়ের প্রতি ভালোবাসা থেকেই তিনি কলকাতার চলচ্চিত্রে কাজ শুরু করেন।
দেশে নিজের পছন্দসই চরিত্র ও কাজের সুযোগ না পাওয়াতেই সীমান্ত পেরিয়ে অন্য প্রান্তে পা রাখেন তিনি।
সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে জয়া বলেন, “বাংলাদেশে তখন এমন কাজ পাচ্ছিলাম না যেখানে নিজের সৃজনশীলতা প্রকাশ করতে পারি।
অভিনয় আমার জীবনের অংশ, তাই অন্য কোথাও হলেও কাজটা চালিয়ে যেতে চেয়েছিলাম।”
দেশে কাজের সুযোগ কমে যাওয়ার পেছনে কিছু ব্যক্তিগত ও পেশাগত জটিলতার কথাও উল্লেখ করেন তিনি।
জয়ার ভাষায়, “আমাদের চলচ্চিত্রে অনেক সময় নারীশিল্পীদের মূল্যায়ন করতে গেলে ব্যক্তিগত সম্পর্ক বা ঘনিষ্ঠতার বিষয় এসে পড়ে, যা আমার পক্ষে সম্ভব নয়। আমি কারও বান্ধবী বা স্ত্রী হয়ে কাজ পেতে চাইনি।
ফলে হয়তো আমাকে উপেক্ষিত হতে হয়েছে।”
তবে কলকাতায় গিয়ে অন্যরকম অভিজ্ঞতা হয়েছে বলে জানান তিনি। “সেখানে আমি বাইরের মানুষ হয়েও সম্মান পেয়েছি। নির্মাতারা আমার কাজের জন্য চরিত্র লিখেছেন, গল্প তৈরি করেছেন—এটা আমাকে অনুপ্রাণিত করেছে,” বলেন জয়া।
নারীকেন্দ্রিক চলচ্চিত্র নিয়ে জয়া বলেন, “বাংলাদেশে এখনো অনেক পরিচালক নারী চরিত্রকে কেন্দ্র করে গল্প বলায় ভয় পান।
কেউ কেউ আবার নিজের পরিচিতজনকে অগ্রাধিকার দেন। অথচ অনেক প্রতিভাবান নির্মাতা আছেন, যাদের হাত ধরে শিল্প আরও এগিয়ে যেতে পারত।”
সম্প্রতি জয়া আহসান অভিনয় করেছেন বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনার ছবি ‘ফেরেশতে’-তে।
ইরানি পরিচালক মুর্তজা অতাশের এই চলচ্চিত্রে তার সঙ্গে কাজ করেছেন শহীদুজ্জামান সেলিম, রিকিতা নন্দিনী শিমু, শাহেদ আলী ও সুমন ফারুক।
মন্তব্য করুন