শুক্রবার
০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাসায় দুর্ধর্ষ চুরি, উদ্ধারকৃত স্বর্ণালংকার নিয়ে যা বললেন ববি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০২:২৬ পিএম
নায়িকা ইয়ামিন হক ববি
expand
নায়িকা ইয়ামিন হক ববি

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববির বাসায় ক’দিন আগে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। তার মণিপুরের বাসার জানালার গ্রিল কেটে স্বর্ণালংকার, নগদ টাকা ও দামি ঘড়ি চুরি করে নেয় দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৪ জুন) সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজে এক পোস্টে সেই ঘটনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছেন এ নায়িকা।

গত ২৭ মে বাসায় চুরির ঘটনায় কাফরুল থানায় অভিযোগ জানানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী ববি।

এ ঢালিউড তারকা ফেসবুকে লিখেছেন, ‘চোরকে সাধারণ চোর ভাবার কোনো সুযোগ নেই। এরা সংঘবদ্ধ, পরিকল্পিত এবং পেশাদার অপরাধী। মানুষের ঘাম ঝরানো কষ্টার্জিত সম্পদ মুহূর্তের মধ্যে লুট করে নিয়ে যায়, আর রেখে যায় অসহায়ত্ব, নিরাপত্তাহীনতা ও অসীম কষ্ট।”

তিনি আরও লিখেছেন, ‘ঈদের আনন্দ আমার জীবনে গভীর কষ্ট হয়ে এসেছে। ঈদের মাত্র দু’দিন আগে আমার বাসার জানালার গ্রিল কেটে দুর্বৃত্তরা প্রবেশ করে। আমার বাবার ভালোবাসার স্মৃতি হিসেবে দেয়া প্রায় ৩৫–৪০ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা এবং কয়েকটি মূল্যবান ঘড়ি চুরি হয়ে যায়। শুধু সম্পদ নয়, এর সঙ্গে জড়িয়ে ছিল অসংখ্য স্মৃতি, আবেগ এবং পরিবারের ভালোবাসা।’

এ ঘটনায় এরইমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে লিখেছেন, ‘আল্লাহর রহমতে অভিযুক্ত ব্যক্তি আসামি ফারুক ও তার স্ত্রী গ্রেপ্তার হয়েছে এবং এখন পর্যন্ত ৪ ভরি স্বর্ণ উদ্ধার হয়েছে। আমি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞ। তবে এখনও আমার অধিকাংশ সম্পদ উদ্ধার হয়নি।’

ববি আরও লিখেছেন, ‘আমি সবার কাছে দোয়া চাই, যেন বাকি স্বর্ণালংকার ও অন্যান্য জিনিস দ্রুত উদ্ধার হয় এবং যারা এই অন্যায় করেছে, তারা যথাযথ শাস্তির মুখোমুখি হয়। জীবনে অর্থের চেয়ে স্মৃতির মূল্য অনেক বেশি। বাবার দেয়া সেই স্মৃতিগুলো হারানোর কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়।’

প্রসঙ্গত, এবারের ঈদুল আজহায় ববি অভিনীত ‘তছনছ’ সিনেমা মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। মুন্না খান মাল্টিমিডিয়ার ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন মুন্না খান এবং পরিচালনা করছেন বদিউল আলম খোকন। এতে ববি ছাড়াও অভিনয় করেছেন মুন্না খান, মিশা সওদাগর, দীপা খন্দকার, শিবা শানু প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন