

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


এবারের ঈদুল আজহায় দেশের চলচ্চিত্র অঙ্গনে বড় ধস নেমেছে। প্রেক্ষাগৃহ মালিকদের মতে, সাম্প্রতিক অতীতে ঈদের বক্স অফিসে এমন মন্দাভাব আর দেখা যায়নি। উৎসবের আবহে এবার ‘রকস্টার’, ‘রইদ’, ‘মালিক’, ‘বনলতা সেন’সহ মোট আটটি সিনেমা মুক্তি পায়। দেশের সচল ও সাময়িকভাবে চালু হওয়া ১৭০টি হলের মধ্যে মূলত প্রথম চারটি সিনেমাই দর্শক টানতে পেরেছে।
এবারের ঈদের সবচেয়ে আলোচিত সিনেমা শাকিব খান অভিনীত ‘রকস্টার’। সর্বোচ্চ ১০৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই সিনেমাটি মাল্টিপ্লেক্সে দারুণ সাড়া ফেলেছে। স্টার সিনেপ্লেক্সে দর্শক চাহিদার কারণে প্রথম দিনের ১৮টি শো বাড়িয়ে দ্বিতীয় দিন ৩৬টি করা হয়। বক্স অফিস পর্যবেক্ষণ সংস্থা বিএমআরএমের তথ্যমতে, প্রথম দিনে মাল্টিপ্লেক্সের ৫৭টি শো থেকে সিনেমাটি আয় করে ২৯ লাখ ৪১ হাজার টাকা, যা চলতি বছরে দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং।
তবে ‘রকস্টার’ নিয়ে দর্শকের প্রতিক্রিয়া ছিল মিশ্র। প্রচলিত অ্যাকশন বা আইটেম গানের বাইরে গিয়ে শাকিব খানকে রোমান্টিক চরিত্রে দেখে একদল দর্শক যেমন সাধুবাদ জানিয়েছেন, অন্য দল তেমনি সমালোচনাও করেছেন। পরিচালক আজমান রুশো অবশ্য একে চিরাচরিত ধারার বাইরে এক নতুন প্রচেষ্টা হিসেবেই দেখছেন।
এদিকে সিনেমা হলের সংকট ও একসঙ্গে বেশি সিনেমা মুক্তি পাওয়াকে এই মন্দার মূল কারণ হিসেবে দেখছেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল। অন্যদিকে, মধুমিতা হলের কর্ণধার ইফতেখার হোসেন নওশাদ জানান, বড় সিনেমাগুলো মাল্টিপ্লেক্স-কেন্দ্রিক হয়ে পড়ায় একক হলগুলো লোকসানের মুখে পড়ছে। তার হলে প্রথম সপ্তাহে ‘রকস্টার’-এর টিকিট বিক্রি হয়েছে মাত্র আড়াই লাখ টাকার।
প্রযোজক নেতা ও হলমালিক খোরশেদ আলম খসরু এই ঈদ মৌসুমকে ‘মন্দের ভালো’ হিসেবে আখ্যায়িত করেছেন। তার মতে, অতিরিক্ত মিশ্র প্রতিক্রিয়া এবং চলমান বিশ্বকাপ ফুটবলের গভীর রাতের খেলা- সব মিলিয়ে এবারের ঈদের বক্স অফিস মোটেও জমে ওঠেনি।
