

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


অভিনেত্রী তানজিন তিশা কলকাতার চলচ্চিত্র ‘ভালোবাসার মরশুম’-এ অভিনয় করছেন না। সম্প্রতি এমন খবরে গুঞ্জন ওঠে যে, তাঁকে ছবিটি থেকে বাদ দেওয়া হয়েছে। তবে তিশা নিজেই জানালেন, বাস্তবতা ভিন্ন-বাংলাদেশের সিনেমা ‘সোলজার’-এর জন্যই প্রকল্পটি ছেড়ে দিয়েছেন তিনি।
তিশা বলেন, দুটি ছবির শুটিংয়ের সময় একসাথে পড়ে গিয়েছিল। আমি চেয়েছি, বাংলাদেশের সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হোক। বিশেষ করে শাকিব খানের মতো জনপ্রিয় নায়কের বিপরীতে কাজ করার সুযোগটি হাতছাড়া করতে চাইনি।
এর আগে একাধিকবার শোনা গিয়েছিল, শাকিব খানের বিপরীতে তিশা বড় পর্দায় আসছেন। তবে নানা কারণে তা বাস্তবায়িত হয়নি। এবার ‘সোলজার’-এর মাধ্যমে সেটিই হতে যাচ্ছে বাস্তব।
অভিনেত্রী জানান, সময়ের সংকটের কারণে ‘ভালোবাসার মরশুম’ ছবির জন্য ভারতীয় ভিসার আবেদনও করেননি। তাঁর ভাষায়, আমি বাংলাদেশের মেয়ে। আমার কাছে বাংলাদেশের সিনেমাই আগে।
কিছু সংবাদমাধ্যমে ভুল ব্যাখ্যা ছড়িয়ে পড়ায় তিশা বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, দেখছি, কিছু জায়গায় আমাকে বাদ দেওয়ার খবর ছাপা হয়েছে। অথচ আমার সঙ্গে কেউ কথা বলেনি। আমি আশা করি, সাংবাদিক বন্ধুরা এমন খবর দেওয়ার আগে অন্তত নিশ্চিত হবেন।
ইতোমধ্যে ‘সোলজার’-এর শুটিং শুরু করেছেন তিশা। আগামী ১১ অক্টোবর থেকে শাকিব খানের সঙ্গে তাঁর দৃশ্যধারণের কাজ শুরু হবে।
সাকিব ফাহাদের পরিচালনায় নির্মিত ‘সোলজার’ সিনেমাটি দেশপ্রেমভিত্তিক গল্পে তৈরি হচ্ছে। নির্মাতারা জানিয়েছেন, ছবিটি চলতি বছরের শেষ দিকে বা আগামী বছরের শুরুতে মুক্তির পরিকল্পনা রয়েছে।
মন্তব্য করুন
