

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় তার স্ত্রী’র প্রেমিক ম্যাক্স অভিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (৮ অক্টোবর) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ ম্যাক্স অভিকে হাজির করলে বিচারক মো. জুয়েল রানা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের জিআরও কর্মকর্তা জাকির হোসেন।
আদালতে এ সময় ম্যাক্স অভির আইনজীবী শান্তা সাকসিনা তার জামিনের আবেদন জানান। শুনানি শেষে বিচারক জামিন বিষয়ে আদেশ অপেক্ষমাণ রাখেন বলে জানান মামলার বাদী পক্ষের আইনজীবী আব্দুল মনসুর রিপন।
আইনজীবী রিপন বলেন, হিরো আলমের ওপর হামলার ঘটনায় রাজধানীর বাড্ডা থানায় মামলা হয়। ওই মামলায় চতুর্থ আসামি ম্যাক্স অভি ওরফে কামরুল ইসলাম রিয়াজকে হাতিরঝিল থানা পুলিশ গ্রেপ্তার করে। তিনিও কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করেন।
এ বিষয়ে হিরো আলম গণমাধ্যমে বলেন, আমার স্ত্রী মিথিলা ও তার স্বামী, আর ম্যাক্স অভি-তিনজনই আমাকে হত্যার পরিকল্পনা করেছিল। তারা যদি আমাকে সরিয়ে দিতে পারে, তাহলে রিয়া মনিকে বিয়ে করতে পারবে-এমন কথাও সে নিজেই ভিডিওতে বলেছে। এসব প্রমাণসহ আমি মামলা করেছি।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৬ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর আফতাবনগরে মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত হিরো আলমকে ঘেরাও করে কাশবনে নিয়ে যায়। সেখানে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে তাকে পেটানো হয়। আঘাতে তিনি গুরুতর জখম হন এবং তার মোবাইল ফোনও ভেঙে ফেলা হয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করে।
পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পর ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
এর আগে গত জুনে হাতিরঝিলের এক বাসায় রিয়া মনি ও ম্যাক্স অভিকে একসঙ্গে অবস্থান করতে দেখে হিরো আলম স্থানীয়দের নিয়ে সেখানে যান। সে সময় মারধরের একটি ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তিনি। পরে ২১ জুন হাতিরঝিল থানায় হিরো আলম হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তারের পর রিয়া মনি ও ম্যাক্স অভি এক হাজার টাকার মুচলেকায় মুক্তি পান।
মন্তব্য করুন
