শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বলিউডের আলোচিত মুখ এখন সন্ন্যাসিনী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ১১:২৭ এএম
expand
বলিউডের আলোচিত মুখ এখন সন্ন্যাসিনী

নব্বইয়ের দশকে মডেলিং ও অভিনয়ে নামকরা ব্যক্তিত্ব হিসেবে পরিচিত বরখা মাদান একসময় বলিউডের আলোচিত মুখ ছিলেন। এমনকি তাকে অনেকেই ঐশ্বরিয়া রাইয়ের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখেছেন।

সুস্মিতা সেনের সঙ্গেও প্রতিযোগিতা করে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি। কিন্তু ২০১২ সালে সবকিছু ছেড়ে তিনি শান্তি ও আধ্যাত্মিকতার পথে পা রাখেন। বর্তমানে বরখা একজন বৌদ্ধ সন্ন্যাসিনী।

ভারতের পাঞ্জাব প্রদেশে জন্ম নেওয়া বরখা ছোটবেলা থেকেই নাচ, শিল্প এবং আধ্যাত্মিকতার প্রতি আগ্রহী ছিলেন। ১৯৯৪ সালে তিনি ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নেন।

যদিও মূল খেতাবটি পাননি, ‘মিস ট্যুরিজম ইন্ডিয়া’ খেতাব জয় করে আন্তর্জাতিক মিস ট্যুরিজম প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেন এবং সেখানে তৃতীয় রানার-আপ হন।

এই সাফল্য তাঁকে মডেলিং জগতে বিশেষ পরিচিতি দেয়। এরপর তিনি নিয়মিত বিজ্ঞাপন, র‌্যাম্প শো এবং প্রিন্ট ক্যাম্পেইনে কাজ শুরু করেন।

১৯৯৬ সালে অক্ষয় কুমার, রেখা এবং রাভিনা ট্যান্ডনের সঙ্গে ‘খিলাড়িদের খিলাড়ি’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়। যদিও ছবিতে তার উপস্থিতি সীমিত ছিল, সৌন্দর্য এবং সাবলীল অভিনয় দর্শকদের নজর কাড়ে।

পরবর্তীতে তিনি একাধিক হিন্দি চলচ্চিত্র এবং টেলিভিশন ধারাবাহিকে কাজ করেন। বিশেষভাবে রাম গোপাল বর্মা পরিচালিত হরর থ্রিলার ‘ভূত’ (২০০৩)-এ তার অভিনয় প্রশংসিত হয়। টেলিভিশনে তিনি ‘১৮৫৭ ক্রান্তি’, ‘সাস বহু’ এবং ‘সেনসেক্স’সহ বিভিন্ন জনপ্রিয় ধারাবাহিকে অংশ নেন।

অভিনয়ের পাশাপাশি বরখা নিজের প্রযোজনা সংস্থা ‘গোল্ডেন গেট এলএলসি’ প্রতিষ্ঠা করেন এবং ‘সোচ লো’ ও ‘সুরখাব’ চলচ্চিত্র প্রযোজনা করেন।

তবে এই সাফল্যের মাঝেও তার মধ্যে আত্মিক শান্তি ও পরিপূর্ণতার খোঁজ জন্ম নেয়। ধ্যান এবং আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বৃদ্ধি পায়, এবং অবশেষে ২০১২ সালের নভেম্বর মাসে তিনি দক্ষিণ ভারতের জে মঠে লামা জোপা রিনপোচের তত্ত্বাবধানে বৌদ্ধ ভিক্ষুণী হন।

ভিক্ষুণী হওয়ার পর বরখাকে দেওয়া হয় নতুন নাম ভেনারেবল গ্যালটেন সামতেন, যার অর্থ ‘যিনি শান্তিতে বাস করেন’। এরপর থেকে তিনি গ্ল্যামার ও খ্যাতির জীবন থেকে সরে এসে শান্তি, দয়া এবং বৌদ্ধ শিক্ষার পথে চলছেন।

বর্তমানে বরখা নিয়মিত ধ্যান শিবির, আধ্যাত্মিক আলোচনা এবং মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন। তার এই রূপান্তর এবং আধ্যাত্মিক যাত্রা বহু মানুষকে অনুপ্রাণিত করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন