শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্যারিসের র‌্যাম্পে নতুন রূপে ঐশ্বরিয়া

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৮ পিএম
ঐশ্বরিয়া
expand
ঐশ্বরিয়া

দীর্ঘ দুই বছরেরও বেশি সময় বড় পর্দায় অনুপস্থিত থেকেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন। ভক্তদের ভালোবাসা ও জনপ্রিয়তায় কোনো ভাটা না পড়েই তিনি আবারও প্রমাণ করলেন নিজের প্রভাব-প্যারিস ফ্যাশন উইকের মঞ্চে।

সোমবার লরিয়াল প্যারিসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে র‌্যাম্পে হাঁটেন সাবেক এই বিশ্বসুন্দরী। কালো রঙের হিরাখচিত কাস্টম-শেরওয়ানিতে তাঁর উপস্থিতি যেন পুরো আয়োজনকে নতুন মাত্রা দেয়। পোশাকটির ডিজাইন করেছেন ভারতের খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার মানিশ মালহোত্রা।

ঐশ্বরিয়ার সিগনেচার রুবি লিপস, খোলা চুল ও আত্মবিশ্বাসী হাসি দর্শকদের মোহিত করে তোলে। দর্শকের করতালিতে তিনি হাত নেড়ে সাড়া দেন। তাঁর র‌্যাম্পে হাঁটার ভিডিও অল্প সময়েই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

ডিজাইনার মানিশ মালহোত্রা বলেন, এই বিশেষ শেরওয়ানিটি আধুনিক রাজকীয়তার প্রতীক। বিশেষ করে হীরাখচিত হাতার নকশা শক্তি ও সংবেদনশীলতার এক অনন্য সমন্বয় তৈরি করেছে।

শুধু র‌্যাম্প নয়, ভক্তদের সঙ্গে আন্তরিক আচরণেও আলোচনায় আসেন ঐশ্বরিয়া। শো শুরুর আগে এক ভক্ত কান্নায় ভেঙে পড়লে তিনি নিজ হাতে তার চোখের পানি মুছে দেন, আলিঙ্গন করে সান্ত্বনা দেন এবং বলেন, “গভীর শ্বাস নিন, হাসুন।” মুহূর্তটি দ্রুত ভাইরাল হয়।

ব্যাকস্টেজেও দেখা গেছে স্মরণীয় মুহূর্ত। যুক্তরাষ্ট্রের কুইয়ার ইনফ্লুয়েন্সার আদিত্য মদিরাজুর সঙ্গে সাক্ষাতে তিনি লিখেছেন, আমাদের হৃদয়ের রানি-ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে দেখা করে স্বপ্ন পূরণ হলো।

এ ছাড়া ব্রিটিশ সুপারমডেল কারা ডেলেভিন দৌড়ে গিয়ে তাঁকে আলিঙ্গন করেন, আর ব্রিজারটনের অভিনেত্রী সিমোন অ্যাশলির সঙ্গেও ঐশ্বরিয়ার ছবি ভাইরাল হয়েছে।

সব মিলিয়ে প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বরিয়ার উপস্থিতি যেন প্রমাণ করল-সময় যতই পেরিয়ে যাক না কেন, সৌন্দর্য, মর্যাদা ও ভক্তদের হৃদয়ে তিনি এখনও সেই ‘রানী’।

সূত্র: মিড ডে ও হিন্দুস্থান টাইমস।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন