মঙ্গলবার
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চমকের ‘খালেদা জিয়া’ লুকের উদ্দেশ্য কি ভাইরাল হওয়া? জানালেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ০১:৫৫ পিএম
রুকাইয়া জাহান চমক
expand
রুকাইয়া জাহান চমক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আইকনিক লুকে সম্প্রতি হাজির হয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর রুকাইয়া জাহান চমক।

নিজের ভ্লগ সিরিজ ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’ -এর একটি পর্বে তাকে এই সাজে দেখা যায়। নেটিজেনদের মনে প্রশ্ন জাগে- হঠাৎ কেন এই রূপ ধারণ? সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সে কৌতুহলের জবাব দিয়েছেন তিনি।

স্টান্ট কিংবা ভাইরাল হওয়ার উদ্দেশ্যে এই সাজ কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে চমক জানান, এটি কোনো নতুন বিষয় নয়, বরং তার ভিডিও বানানোর নিজস্ব প্যাটার্ন।

চমক বলেন, “আপনারা কি আমার ‘ডিসকাভারিং বাংলাদেশ’ ব্লগ আগে দেখেন নাই? এর আগে আমি যখন মনিপুরী বা গারোদের নিয়ে ভিডিও করছি, তখন তাদের কস্টিউম পরেছি। আমি যখন তাঁতশিল্প নিয়ে ভিডিও করছি, তখন তাঁতের শাড়িটা পরছি। আমি যখন যে ভিডিওটা করি, তখন সেটার লুক নিই। ভাইরাল হওয়ার জন্য এটা করিনি, আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এটা আমার ভিডিও বানানোর প্যাটার্ন।”

এর আগে মণিপুরি বা গারো সম্প্রদায়কে নিয়ে কাজ করার সময় তিনি তাদের ঐতিহ্যবাহী পোশাক পরেছিলেন এবং তাঁতশিল্প নিয়ে ভিডিও করার সময় পরেছিলেন তাঁতের শাড়ি।

চমক স্পষ্ট করেন যে, তিনি মূলত ফ্যাশন ও ঐতিহ্য নিয়ে পড়াশোনা করেন এবং ফ্যাশনকে নিজের সংস্কৃতি ও জাতীয় পরিচয় তুলে ধরার মাধ্যম হিসেবে বিবেচনা করেন।

চলতি বছর বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম কিনে সংবাদের শিরোনাম হয়েছিলেন এই অভিনেত্রী। রাজনীতিতে আসার কারণ হিসেবে তিনি জানান, নিজেকে ‘দেশনীতিবিদ’ হিসেবে দেখতে চান।

তার মতে, রাজনীতি মানে হলো দেশের জন্য কাজ করার একটি বড় প্ল্যাটফর্ম পাওয়া, যেখান থেকে নীতি নির্ধারণ ও সার্বিক পরিবর্তনে সরাসরি ভূমিকা রাখা সম্ভব।

বর্তমান সরকার ও ক্যারিয়ার সূচনা

বর্তমান সরকারের মূল্যায়ন নিয়ে প্রশ্ন করা হলে চমক বলেন, কোনো নির্দিষ্ট মানদণ্ডে এক কথায় এ হিসাব মেলানো সম্ভব নয়। ক্ষেত্রবিশেষে তারা যেমন ১০ এ ১০ পাওয়ার যোগ্য, আবার কিছু ক্ষেত্রে ১০ এ ০ পাওয়ার মতো। ফলে বিষয়টি নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় রানারআপ হয়ে শোবিজে যাত্রা শুরু করেছিলেন চমক।

পরবর্তীতে ‘মহানগর’, ‘হায়দার’, ‘হাউস নম্বর-৯৬’ এবং ‘ভাইরাল হ্যাজব্যান্ড’-এর মতো জনপ্রিয় নাটকে কাজ করে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। বর্তমানে অভিনয়ের পাশাপাশি নিয়মিত ভ্লগিং চালিয়ে যাচ্ছেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank