

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢালিউড কুইন অপু বিশ্বাস মনে করেন, ঢালিউড চলচ্চিত্রে এখন বৈপ্লবিক পরিবর্তনের হাওয়া বইছে। সময়ের চাহিদার সাথে তাল মিলিয়ে কাজের পরিবেশ, প্রস্তুতি ও চিন্তাধারায় যুক্ত হচ্ছে আধুনিক দৃষ্টিভঙ্গি ও নিত্যনতুন প্রযুক্তি।
এই নতুন ধারার চলচ্চিত্রে মান ধরে রাখতে আপস বা সমঝোতার কোনো সুযোগ নেই, বরং প্রয়োজন শতভাগ নিবেদন ও পেশাদারিত্ব।
আমাদের দেশের কারিগরি কুশলীরা অত্যন্ত মেধাবী এবং তাদের মেধার ওপর ভর করেই ঢালিউডের অতীত ও বর্তমানের শিল্পীরা আজকের সুদৃঢ় অবস্থানে পৌঁছাতে পেরেছেন।
তবে সময়ের সাথে সাথে চাহিদাও পরিবর্তিত হচ্ছে। তাই বিশ্বমানের সাথে তাল মেলাতে দেশীয় টেকনিশিয়ানদের নিয়মিত নিজেদের দক্ষতা আপডেট করা অত্যন্ত জরুরি।
অপু বিশ্বাস বলেন, ‘বাংলাদেশে যারা টেকনিশিয়ান বা কারিগরি পারসন আছেন, তারা অত্যন্ত মেধাবী। নাহলে আমরা বা আমাদের আগের-পরের শিল্পীরা আজকের এই অবস্থানে আসতে পারতেন না। তবে সময়ের সঙ্গে সঙ্গে তো অনেক কিছু পরিবর্তন হয়। তাই সময়ের চাহিদা মেনে নিজেদের গড়ে তোলা ও আপডেট হওয়াটাও খুব জরুরি।’
কাজের পেশাদারিত্ব ও নিখুঁত পরিকল্পনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে এই চিত্রনায়িকা বলেন, ‘বর্তমানে যেসব টিম কাজ করছে, তারা কাজের ক্ষেত্রে অনেক বেশি প্রফেশনাল। প্রফেশনালিজম বলতে আমি এটাই বোঝাতে চাই যে কাজটাই করা হোক না কেন, সেখানে ডেডিকেশন থাকবে ১০০ পারসেন্ট, কোনো ছাড় থাকবে না।’
অপু আরও বলেন, ‘আগে অনেক সময় দেখা যেত বিভিন্ন সীমাবদ্ধতার কারণে লোকেশন বা অন্যান্য বিষয়ে কম্প্রোমাইজ করতে হতো। কিন্তু এখনকার নতুন টিমগুলো গল্পের প্রয়োজনে কোনো আপস করে না। তাদের এই অদম্য মনোযোগই প্রমাণ করে তারা কতটা পেশাদার। সিনেমাকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে এই মানসিকতাই সবচেয়ে বেশি দরকার।’
তার কথায়, ‘স্বদেশি টিমের সঙ্গে কাজ করার অনুভূতি সবসময়ই স্পেশাল। এখানে কাজের পাশাপাশি একটা আন্তরিকতা থাকে।
আর একজন প্রফেশনাল আর্টিস্ট হিসেবে কাজের ভালো-মন্দ কিছুটা মূল্যায়ন করার জাজমেন্ট করার ক্ষমতা আমার তৈরি হয়েছে। সেই অভিজ্ঞতার জায়গা থেকেই বলছি, আমাদের চলচ্চিত্রে পরিবর্তনের এই নতুন ধারাটা সত্যিই প্রশংসনীয়।’


