

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নায়ক সালমান শাহ হত্যা মামলাকে ঘিরে সম্প্রতি এক নতুন চাঞ্চল্য তৈরি হয়েছে। মামলার অন্যতম অভিযুক্ত খল-অভিনেতা ডনকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুলিশ গ্রেফতার করে আদালতে পাঠায়। সেখানে তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আদালতের শুনানি শেষে পাবলিক প্রসেকিউটর ডনের ইতিপূর্বে দেওয়া জবানবন্দির বিষয়ে জানান- ঘটনার দিন সালমান শাহর বাসায় সামিরা ও আজিজ মোহাম্মদ ভাইসহ অন্যরা উপস্থিত ছিলেন। সেখানে সালমান শাহকে প্রথমে ক্লোরোফর্ম দিয়ে অচেতন করা হয় এবং পরে মাত্রা বাড়াতে ইনজেকশন দেওয়া হয়।
মৃত্যু নিশ্চিত হলে পুরো বিষয়টিকে আত্মহত্যার রূপ দিতে মরদেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়। ডন নিজেই স্বীকার করেছেন, ঝুলানোর কাজে ব্যবহৃত দড়িটি তিনি নিজের কোমরে বেঁধে সালমান শাহর বাসায় নিয়ে গিয়েছিলেন।
দীর্ঘদিন ধরে ভক্তদের দাবি ও বিক্ষোভের মুখে মামলাটির নতুন এই মোড় যখন দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে, ঠিক তখনই নীরবতা ভাঙলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর।
সোশ্যাল মিডিয়া ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে তিনি লিখেছেন, ‘মিথ্যাসাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’- পাঁচ শব্দের এই ছোট বার্তাতেই যেন তিনি নিজের মনের বহু না-বলা কথা ব্যক্ত করলেন।
উল্লেখ্য, বিভিন্ন সময় সালমান শাহর মৃত্যুর পেছনে শাবনূরের সম্পৃক্ততার গুঞ্জন উঠলেও সালমান শাহর মা নীলা চৌধুরী সেই সম্ভাবনা আগেই নাকচ করেছেন। তিনি নিশ্চিত করে জানান যে, তাদের মধ্যে প্রেমের কোনো সম্পর্ক ছিল না, বরং সালমান শাহ শাবনূরকে নিজের বোনের মতোই দেখতেন।
১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখা সালমান শাহ মাত্র চার বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করেন।
এর মধ্যে ‘স্বপ্নের ঠিকানা’, ‘সুজন সখী’, ‘আনন্দ অশ্রু’র মতো ১৪টি ব্যবসা সফল সিনেমায় তার নায়িকা ছিলেন শাবনূর। জনপ্রিয় এই জুটিকে কেন্দ্র করে চলা নানা আলোচনার মাঝে শাবনূরের সাম্প্রতিক এই বার্তাটি নতুন করে সবার নজর কেড়েছে।


