

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দুই বছর দীর্ঘ বিরতির পর আবারও রুপালি পর্দায় ফিরছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নায়ক জিৎ। আগামী ১৪ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে তার নতুন চলচ্চিত্র ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। ভারত স্বাধীন করার কালজয়ী বিপ্লবী অনন্ত সিংয়ের রোমাঞ্চকর জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি।
এতে নাম ভূমিকায় অভিনয় করছেন জিৎ, যেখানে চরিত্রটির প্রয়োজনে তাকে দেখা যাবে নানা বৈচিত্র্যময় রূপে। পথিকৃৎ বসুর পরিচালনায় সিনেমাটিতে আরও অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী, কৌশিক সেন, রজতাভ দত্ত ও প্রিয়াঙ্কা সরকারের মতো একঝাঁক তারকা।
চলচ্চিত্রটির প্রচারণায় ব্যস্ত জিৎ সম্প্রতি এক সাক্ষাৎকারে দীর্ঘ অনুপস্থিতি এবং টলিউডে সহশিল্পী দেবের সঙ্গে প্রতিযোগিতা নিয়ে খোলামেলা কথা বলেছেন।
কাজের সংখ্যা কমে যাওয়া প্রসঙ্গে জিৎ স্পষ্ট জানান, হিন্দি জনপ্রিয় ওয়েব সিরিজ ‘খাকি’র কাজে যুক্ত থাকার কারণে টানা ছয়-সাত মাস তিনি অন্য কোনো কাজ করতে পারেননি।
এরপর মনের মতো ভালো গল্প না পাায় কাজ শুরু করতে কিছুটা দেরি হয়েছে। তবে ‘বিপ্লবী ডাকাত’-এর চিত্রনাট্য পেয়েই তিনি আবার কাজ শুরু করেন।
মিডিয়ায় দেবের সঙ্গে তার দ্বন্দ্ব ও প্রতিযোগিতার তুলনাকে স্বাভাবিকভাবেই দেখছেন এই নায়ক। ইস্ট বেঙ্গল-মোহনবাগান বা আর্জেন্টিনা-ব্রাজিল লড়াইয়ের মতো মিডিয়া সবসময়ই এমন দ্বৈরথ তৈরি করতে ভালোবাসে উল্লেখ করে জিৎ বলেন,
‘আমি যখন অভিনয় শুরু করি, তখন দেবের অস্তিত্বই ছিল না, প্রসেনজিৎ বনাম জিৎ তুলনা হতো। এখন সেটা দেব বনাম জিৎ হয়েছে।’ তাই কার কটা সিনেমা মুক্তি পেল- তা নিয়ে অন্যের দিকে আঙুল তোলার কিছু নেই বলে তিনি মনে করেন।
উল্লেখ্য, ২০১০ সালে রাজ চক্রবর্তী পরিচালিত ব্লকবাস্টার ‘দুই পৃথিবী’ সিনেমায় শেষবার দেব ও জিৎকে একসঙ্গে পর্দায় দেখা গিয়েছিল। এরপর তাদের দূরত্ব নিয়ে টলিপাড়ায় নানা গুঞ্জন তৈরি হলেও আর কোনো সিনেমায় তাদের এই জমজমাট জুটি ফিরে আসেনি।

