বৃহস্পতিবার
১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তিন সরকারের সময়ে নিত্যপণ্যের দামের পার্থক্য দেখাল বিএনপি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০৮:৫১ পিএম আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০৮:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিএনপি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ও আওয়ামী লীগ সরকারের সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের তুলনামূলক চিত্র তুলে ধরেছে বিএনপি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দলটির অফিসিয়াল ফেসবুক পেজে একটি গ্রাফিক পোস্টের মাধ্যমে এসব তথ্য প্রকাশ করা হয়। পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

বিএনপির প্রকাশিত ওই তুলনামূলক চিত্রে চাল, পেঁয়াজ, মসুর ডাল, চিনি, ব্রয়লার মুরগি, সোনালি মুরগি ও কাঁচা মরিচসহ কয়েকটি নিত্যপণ্যের দাম তুলে ধরা হয়েছে। এতে বিএনপি, আওয়ামী লীগ এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এসব পণ্যে দামের পার্থক্য দেখানো হয়েছে।

দলটির পোস্টে দেওয়া তথ্য অনুযায়ী, বিএনপি সরকারের সময়ে এক কেজি আলুর দাম ছিল ২৫ টাকা, আওয়ামী লীগ সরকারের সময়ে ৭০ টাকা এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ৪৫ টাকা। পেঁয়াজের ক্ষেত্রে দাম দেখানো হয়েছে যথাক্রমে ৪০, ১৫০ ও ৬০ টাকা।

এ ছাড়া মোটা চালের দাম বিএনপি সরকারের সময়ে ৫৫ টাকা, আওয়ামী লীগ সরকারের সময়ে ৬৫ টাকা এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ৬০ টাকা দেখানো হয়েছে। মিনিকেট চালের দাম দেখানো হয়েছে যথাক্রমে ৭০, ৮৫ ও ৭০ টাকা।

চিনির দাম বিএনপি সরকারের সময়ে ১০০ টাকা, আওয়ামী লীগ সরকারের সময়ে ১৮০ টাকা এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ১৫৫ টাকা দেখানো হয়েছে। ব্রয়লার মুরগির দাম ছিল যথাক্রমে ১৮০, ২১০ ও ২০০ টাকা বলে উল্লেখ করা হয়েছে।

সোনালি মুরগির দাম বিএনপি সরকারের সময়ে ৩৫০ টাকা, আওয়ামী লীগ সরকারের সময়ে ৩০০ টাকা এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ৩৫০ টাকা দেখানো হয়েছে। কাঁচা মরিচের দাম দেখানো হয়েছে যথাক্রমে ২৮০, ২৫০ ও ৩০০ টাকা।

গ্রাফিক পোস্টের নিচে বিএনপি দাবি করেছে, এসব তথ্যের উৎস হিসেবে প্রথম আলো, বার্তা বাজার, টিবিএস, যুগান্তর ও সমকালসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনের বরাতে বলা হয়েছে।

বিএনপির এই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে বিএনপির দেওয়া তথ্য নিয়ে প্রশ্ন তুলেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank