

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আন্তর্জাতিক অঙ্গনে নতুন সাফল্যের বার্তা নিয়ে এলেন ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী। সম্প্রতি অনুষ্ঠিত ‘নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’ -এ মিশুক মনি পরিচালিত ‘দেয়ালের দেশ’ চলচ্চিত্রে অসামান্য অভিনয়ের জন্য তিনি ‘সেরা অভিনেত্রী’ র পুরস্কার লাভ করেছেন।
আন্তর্জাতিক মঞ্চে এই গুরুত্বপূর্ণ স্বীকৃতি অর্জনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দীর্ঘ বার্তা শেয়ার করে নিজের অনুভূতি, আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
পুরস্কার প্রাপ্তিতে আবেগঘন বার্তায় বুবলী জানান, এই স্বীকৃতি পেয়ে তিনি অত্যন্ত সম্মানিত ও কৃতজ্ঞ বোধ করছেন। একই সাথে তিনি উল্লেখ করেন, এই সাফল্য কেবল তার একার নয়, বরং পুরো সিনেমার সাথে জড়িত প্রতিটি মানুষের পরিশ্রমের ফসল।
সিনেমার পরিচালক মিশুক মনি, প্রযোজক, লেখক, সহশিল্পী, চিত্রগ্রাহক, মেকআপ ও কস্টিউম টিম থেকে শুরু করে নেপথ্যের প্রতিটি অভিনয়শিল্পী ও ক্রু মেম্বারের অবদানকে তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি মনে করেন, টিমের সম্মিলিত আবেগ, নিষ্ঠা এবং বিশ্বাসই এই অর্জনকে বাস্তবে রূপ দিয়েছে।
সাফল্যের এই মুহূর্তটিতে বুবলী তার পরিবার, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী এবং বিশেষ করে দর্শকদের প্রতি অন্তরের অন্তস্তল থেকে গভীর ভালোবাসা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি জানান, দর্শকদের ভালোবাসাই তাকে প্রতিটি চরিত্রে নতুন কিছু শিখতে এবং অভিনয়ে সেরাটা বিলিয়ে দিতে অনুপ্রাণিত করে।
এই আন্তর্জাতিক সম্মাননাকে একই সাথে একটি আশীর্বাদ ও নতুন দায়িত্ব হিসেবে উল্লেখ করে বুবলী জানান, আগামীতে আরও অনেক নতুন গল্প ও অবিস্মরণীয় চরিত্র নিয়ে তিনি দর্শকদের সামনে হাজির হতে চান।