

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ছড়িয়ে পড়েছে একটি বিরল ছবি, যা নতুন করে নাড়া দিয়েছে বিনোদনপ্রেমীদের হৃদয়।
ছবিতে এক ফ্রেমে বন্দি হয়েছেন বলিউডের বাদশাহ শাহরুখ খান ও ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহ।
ছবিতে সালমানের স্ত্রী সামিরাকেও দেখা যাচ্ছে। দুই বাংলার চলচ্চিত্রের দুই প্রভাবশালী তারকার এমন ঐতিহাসিক মুহূর্ত একসাথে দেখার পর থেকে ভক্তদের মধ্যে কাজ করছে দারুণ আগ্রহ ও আবেগ।
এর আগেও শাহরুখ-গৌরী ও সালমান-সামিরার একটি যৌথ ছবি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছিল, যা মূলত সালমান শাহর মুম্বাই সফরের সময় তোলা হয়েছিল।
সম্প্রতি যে নতুন ছবিটি প্রকাশ্যে এসেছে, সেটিও সেই একই সফরের মূল্যবান স্মৃতির অংশ বলে ধারণা করা হচ্ছে।
‘আজমান হোসাইন’ নামের এক ভক্ত ছবিটি ফেসবুকে শেয়ার করেন। ধারণা করা হয়, সিলেটের ঐতিহ্যবাহী ‘সালমান শাহ ভবন’ -এ সংরক্ষিত পারিবারিক অ্যালবাম থেকেই উদ্ধার করা হয়েছে দুর্লভ এই ছবিটি।
এই দুর্লভ ছবির নেপথ্যে রয়েছে আশির দশকের শেষ বা নব্বইয়ের দশকের শুরুর এক কৌতূহলোদ্দীপক ইতিহাস। জানা যায়, তৎকালীন জনপ্রিয় ‘পূর্ণিমা ম্যাগাজিন’-এর একজন প্রতিবেদক সিনিয়র সাংবাদিক রবি আরমানের নির্দেশে ঢাকার ইস্কাটন প্লাজায় সালমানের বাসভবন থেকে প্রথম ছবিটি সংগ্রহ করেছিলেন।
পরবর্তীতে তা পত্রিকায় প্রকাশিত হয়ে ভক্তদের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবে সেদিন তাদের একান্তে কাটানো আরও কিছু যে ছবি তোলার পর অপ্রকাশিত রয়ে গিয়েছিল, নতুন এই ছবিটি তারই এক প্রমাণ।
ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা রাজপুত্র সালমান শাহ এবং বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয় জয় করা শাহরুখ খানকে এক ফ্রেমে দেখা ভক্তদের কাছে শুধু একটি ছবি নয়, বরং দুই দেশের চলচ্চিত্র ইতিহাসের একটি অনন্য ও অমূল্য দলিল।