

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সংগীতপ্রেমীদের জন্য এসেছে এক দারুণ খবর! প্রথমবারের মতো ঢাকায় কনসার্ট করতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় আরঅ্যান্ডবি, হিপহপ ও ইন্ডি-পপ ঘরানার শিল্পী হাসান রহিম।
নিজের বিশ্বব্যাপী সংগীত সফর ‘দিল কে পারদে’-র অংশ হিসেবে তিনি বাংলাদেশে পারফর্ম করবেন। বিশ্ব সফরের অংশ হিসেবে উত্তর আমেরিকা, লন্ডন ও ইউরোপ মাতানোর পর এবার তিনি ঢাকার মঞ্চে গান গাইবেন বলে নিজের ইনস্টাগ্রামে নিশ্চিত করেছেন।
আগামী ২৮ আগস্ট রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুপ্রতীক্ষিত এই কনসার্টটি। কেওয়াইএন আর্টের আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এ কনসার্টের অগ্রিম টিকিট বিক্রির প্রক্রিয়া খুব শিগগিরই অনলাইনে শুরু হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
উল্লেখ্য, ‘কোক স্টুডিও পাকিস্তান’-এর ১৪তম সিজনে ‘পিছে হাট’ গানটির মাধ্যমে হাসান রহিম ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করেন।
পরবর্তীতে তার গাওয়া ‘তুররি জান্দি’, ‘পয়সা’, ‘রাধা’, ‘ফালতু পেয়ার’, ‘অ্যায়সে কেয়সে’ ও ‘মেহবুবা’-র মতো গানগুলো সংগীতপ্রেমীদের মন জয় করে নেয়।
সম্প্রতি পাকিস্তানের আরেক জনপ্রিয় সংগীত তারকা আতিফ আসলাম গত ২৪ জুলাই ঢাকায় এসে প্রায় দুই ঘণ্টা ধরে তার শ্রোতাপ্রিয় গানগুলো পরিবেশন করে দর্শক মাতিয়ে গেছেন।
তবে অন্যদিকে, আজ (১ আগস্ট) ইউনাইটেড কনভেনশন সেন্টারে পশ্চিমবঙ্গের শিল্পী অনুপম রায়ের কনসার্টটি আয়োজনের কথা থাকলেও, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় শেষ মুহূর্তে তা স্থগিত করতে বাধ্য হয়েছেন আয়োজকরা।