

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পাকিস্তানের ছোট ও বড় পর্দার পরিচিত মুখ সাইমা কুরেশি আবারও আলোচনার কেন্দ্রে। তবে এবার অভিনয়ের জন্য নয়, বরং বিয়ে ও পুরুষদের সম্পর্ক নিয়ে দেওয়া এক মন্তব্য ঘিরে সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন সাইমা। সেখানে ব্যক্তিগত সম্পর্ক, নারীদের অর্থনৈতিক সক্ষমতা এবং পুরুষদের বৈবাহিক দায়িত্ব নিয়ে খোলামেলা আলোচনা করেন তিনি।
সেখানে তিনি বলেন, আমার বিশ্বাস, ৯৫ শতাংশ পুরুষ দ্বিতীয় বিয়েতে আগ্রহী। অনেকে গোপনে সম্পর্কে জড়ান, যা পরিবারের জন্য ক্ষতিকর। তাই যারা এমন সম্পর্কের দিকে ঝুঁকছেন, তাদের উচিত বৈধ পথে, দ্বায়িত্ব নিয়ে বিয়ে করা।
সাইমার মতে, গোপন সম্পর্কের বদলে দ্বিতীয়বার বিয়ে করাটা অনেক বেশি নৈতিক ও সামাজিকভাবে গ্রহণযোগ্য।
তিনি বলেন, কারও অনুভূতির সঙ্গে খেলা করা অনৈতিক। একজন পুরুষ যদি দ্বিতীয়বার বিয়ে করতে চান, সেটি পরকীয়ার চেয়ে খারাপ নয়—বরং অনেক বেশি স্বচ্ছ ও দায়িত্বশীল সিদ্ধান্ত।”
সাইমা আরও বলেন, ইসলামী শরিয়তের দৃষ্টিকোণ থেকে দ্বিতীয় বিয়ের আগে প্রথম স্ত্রীর অনুমতি বাধ্যতামূলক নয়। তিনি বলেন,
“অনেকেই প্রশ্ন করেন, স্ত্রী রাজি না হলে কী হবে? ইসলাম দ্বিতীয় বিয়েতে স্ত্রীর সম্মতির বাধ্যবাধকতা দেয়নি। তবে অবশ্যই এটি যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখার বিষয়।
এ সময় তিনি পুরুষদের উদ্দেশ্যে বলেন, তারা যেন নিজেদের চাহিদা পূরণে ধর্মীয় নীতিমালার ওপর নির্ভর করেন, সমাজের চাপ বা গোপন সম্পর্কের পথে না হাঁটেন।
সাইমার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। কেউ কেউ তার বক্তব্যকে সাহসী বলে প্রশংসা করছেন, আবার কেউ একে নারীর প্রতি অবিচার বলে নিন্দা করছেন। বিশেষ করে ধর্মীয় ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে তার বক্তব্য নিয়ে তৈরি হয়েছে নানা মতভেদ।
উল্লেখ্য, ৫১ বছর বয়সী সাইমা কুরেশি পাকিস্তানি সিনেমার কিংবদন্তি অভিনেত্রী রোজিনার কন্যা। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে তিনি অসংখ্য নাটক ও সিনেমায় অভিনয় করেছেন।
২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা সৈয়দ নূরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাইমা। ২০১৮ সালে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। এ দম্পতির ঘরে রয়েছে এক পুত্রসন্তান, দানিয়াল খান, যিনি ইতিমধ্যেই মায়ের পথ ধরে অভিনয় জগতে পা রেখেছেন।
মন্তব্য করুন
