

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ, ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা এবং পোলিং এজেন্টদের হয়রানিসহ নানা অভিযোগ তুলে ‘সম্প্রীতির ঐক্য ও স্বতন্ত্র অঙ্গীকার’ প্যানেল ও পাঁচজন স্বতন্ত্রপ্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছে।
দ্রুত সুষ্ঠু ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন তারা
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় তারা এ সিদ্ধান্ত জানায়। এ নিয়ে জাকসু নির্বাচনে মোট চারটি প্যানেল ভোট বর্জন করেছে। এর আগে জাল ভোট ও অতিরিক্ত ব্যালট পাঠানোসহ নানা অনিয়মের অভিযোগে ‘সংশপ্তক পর্ষদ’ ও ছাত্রদল প্যানেলও ভোট বর্জন করেছিল।
এবারের নির্বাচনে মোট ১১,৮৯৭ জন শিক্ষার্থী ভোট দেবেন— ছাত্র ৬,১১৫ জন ও ছাত্রী ৫,৭২৮ জন। ভোটগ্রহণের জন্য ২১টি কেন্দ্রে ২২৪টি বুথ স্থাপন করা হয়েছে।
প্রধান ছাত্র হলগুলোর ভোটার সংখ্যা: আল বেরুনী ২১০, আ ফ ম কামালউদ্দিন ৩৩৩, মীর মশাররফ হোসেন ৪৬৪, শহীদ সালাম-বরকত ২৯৮, মওলানা ভাসানী ৫১৪, ১০ নম্বর ছাত্র ৫২২, শহীদ রফিক-জব্বার ৬৫০, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ৩৫০, ২১ নম্বর ছাত্র ৭৩৫, জাতীয় কবি নজরুল ৯৯২, তাজউদ্দীন আহমদ ৯৪৭।
ছাত্রী হলগুলোর ভোটার সংখ্যা: নওয়াব ফয়জুন্নেসা ২৭৯, জাহানারা ইমাম ৩৬৭, প্রীতিলতা ৩৯৬, বেগম খালেদা জিয়া ৪০৩, সুফিয়া কামাল ৪৫৬, ১৩ নম্বর ছাত্রী ৫১৯, ১৫ নম্বর ছাত্রী ৫৭১, রোকেয়া ৯৫৬, ফজিলাতুন্নেছা ৭৯৮, তারামন বিবি ৯৮৩।
নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৫ পদের জন্য ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচনে বামপন্থি, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্র সমর্থিত মিলিয়ে মোট আটটি প্যানেল অংশগ্রহণ করছে। ভোটগ্রহণে ৬৭ জন পোলিং অফিসার (শিক্ষক) এবং ৬৭ জন সহায়ক পোলিং অফিসার (কর্মকর্তা) নিয়োজিত। ভোট গণনা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত হবে।
নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ১৫০০ পুলিশ, সাত প্ল্যাটুন বিজিবি ও পাঁচ প্ল্যাটুন আনসার ক্যাম্পাসের পরিসীমায় মোতায়েন থাকবে। এছাড়া ক্যাম্পাসে যে কোনো অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলায় আনসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ক্যাম্পাসে ও ক্যাম্পাসের বাইরে অবস্থান করবেন।
মন্তব্য করুন
