শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকসু নির্বাচন ঘিরে ঢাবির নিরাপত্তা জোরদার

ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৩ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)
expand
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)। এদিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

নির্বাচনকে কেন্দ্র করে সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান দেখা গেছে।

পাশাপাশি সজাগ অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম এবং বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ঢাবি শাখার সেনা, নৌ ও বিমান শাখার ক্যাডেটদের সমন্বয়ে গঠিত দ্বিতীয় সারির, আধাসামরিক, স্বেচ্ছাসেবী রিজার্ভ বাহিনী।

নিরাপত্তার বিষয়ে, ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী বলেন, বহুল আলোচিত ডাকসুর নিরাপত্তা নিশ্চিত করতে গত ১ সপ্তাহ ধরে নানাবিধ পুলিশি কার্যক্রম পরিচালনা করা হয়েছে৷ আশা করছি আগামীকাল বড় কোনো ঘটনা ঘটবে না৷ নির্বাচন ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই।

১০ তারিখ সন্ধ্যা ৬টা পর্যন্ত এই নিরাপত্তা ব্যবস্থা চালু থাকবে। প্রয়োজনে তা আরও বাড়ানো হবে। গত ১ মাস ধরে ঢাবি প্রশাসনের সাথে আলোচনা সাপেক্ষে এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, ডিএমপির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে ৮টি চেকপোস্ট চালু আছে, কেন্দ্র কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, মোবাইল পেট্রোল, ডগ স্কোয়াড, বিশেষায়িত টিম, বোম এক্সপোজাল ইউনিট, সোয়াত টিম, ডিবি (সাদা পোশাকে), সিসিটিভি মনিটরিং সেল, স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স থাকবে।

তিনি আরও বলেন, বর্তমানে ঢাকা মেট্রোপলিটন থেকে ইউনিফর্মধারী ১৭৭১ জন নিয়োজিত আছেন, আগামীকাল তা বেড়ে হবে ২০৯৬ জন। এর বাইরে সাদা পোশাকে ডিবি, র‍্যাব ও বিজিবির সদস্যরা থাকবেন।

ডিএমপি কমিশনার বলেন, আজ রাত ৮টা থেকে ১১ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত লাইসেন্সধারী ব্যক্তিরাও অস্ত্র বহন করতে পারবেন না। আমি আমার উপর অর্পিত ক্ষমতাবলে এই নির্দেশনা জারী করলাম

এ প্রসঙ্গে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিসি অপারেশনস মোল্লা আজাদ হোসেন জানান, নির্বাচনের জন্য কোনও ঝুঁকি নেই। তিনি বলেন, আজ ভোর ৬টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ।

নির্বাচন উপলক্ষে আজ রাত ৮টা থেকে ১০ সেপ্টেম্বর ভোর ৬টা পর্যন্ত প্রাঙ্গণে প্রবেশে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। বৈধ পরিচয়পত্র দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরাই প্রবেশ করতে পারবেন। এছাড়া ক্যাম্পাসের ৮টি প্রবেশপথে চেকপোস্ট বসানো হবে।

নির্বাচনে ডাকসুর ২৮টি পদের জন্য ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন, যার মধ্যে ৬২ জন নারী। পদভিত্তিক প্রতিদ্বন্দ্বিতার মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন, সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। নারী প্রার্থীর মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে ১ জন, এবং এজিএস পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯,৭৭৫ জন, যার মধ্যে ছাত্র ভোটার ২০,৮৭৩ এবং ছাত্রী ১৮,৯০২ জন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ৮টি কেন্দ্রের ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। বিকাল ৪টার মধ্যে ভোটকেন্দ্রে লাইনে থাকা শিক্ষার্থীরাও ভোট দিতে পারবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন