

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের বহুল প্রতীক্ষিত নির্বাচনে শিক্ষার্থীদের নির্ভয়ে ভোট দিতে আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “ডাকসু তোমরা চেয়েছ, স্বপ্ন দেখেছ। এটি গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের একটি প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম গড়ে তুলবে। তাই নির্ভয়ে ভোট দিতে আসো, আমরা তোমাদের জন্য অপেক্ষা করছি।”
তিনি আরও বলেন, “সারাদেশ এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে আছে। ভালো ও স্বচ্ছ একটি নির্বাচনের মাধ্যমে তোমরা গণতন্ত্রকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস।”
নারী শিক্ষার্থীদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা রয়েছে জানিয়ে উপাচার্য বলেন, “মেয়েরা নিশ্চিন্তে এসে ভোট দিতে পারবে। সারাদেশ তোমাদের ওপর যে বিশ্বাস রেখেছে, তার প্রতিদান তোমরাই দেবে।”
প্রায় ১১ মাসের প্রস্তুতির পর এবার ঐতিহাসিক ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, “এই প্রথমবারের মতো আমরা হলের বাইরে ৮টি কেন্দ্রে ভোটগ্রহণের ব্যবস্থা করেছি। ৮১০টি বুথ, প্রায় ৪০ হাজার ভোটার, সিসিটিভি, তিন স্তরের নিরাপত্তা ও প্রশিক্ষিত কর্মকর্তা—সব কিছুই স্বচ্ছতা নিশ্চিতের জন্য।”
রিটার্নিং কর্মকর্তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছেন উল্লেখ করে তিনি বলেন, “এলইডি স্ক্রিনে ভোট গণনার প্রক্রিয়া সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রচুর সাংবাদিক পর্যবেক্ষণে থাকবেন।”
প্রার্থীদের উদ্দেশে উপাচার্যের বার্তা, “নির্বাচনে জয়-পরাজয় থাকবে। কিন্তু বিজয়ী ও বিজিত—দু’জনেরই ভূমিকা গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সক্রিয় ও শক্তিশালী করতে সবাইকেই এগিয়ে আসতে হবে।”
নির্বাচনের তফসিল অনুযায়ী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। ৮টি কেন্দ্রে শিক্ষার্থীরা ভোট দিতে পারবেন। একজন ভোটার মোট ৪১টি ভোট দেবেন—কেন্দ্রীয় সংসদের ২৮টি ও হল সংসদের ১৩টি পদে।
মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন—ছাত্রী ১৮ হাজার ৯৫৯, ছাত্র ২০ হাজার ৯১৫। কেন্দ্রীয় সংসদের ২৮টি পদের বিপরীতে প্রার্থী ৪৭১ জন, এর মধ্যে ৪০৯ জন পুরুষ ও ৬২ জন নারী।
মন্তব্য করুন
