শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাকসু ভোটে অমোচনীয় কালি নিয়ে প্রশ্ন তুললেন শিবিরের ভিপি প্রার্থী

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১১:৩৪ এএম
সম্মিলিত শিক্ষার্থীজোটের ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ
expand
সম্মিলিত শিক্ষার্থীজোটের ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনে ব্যবহৃত অমোচনীয় কালির মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সম্মিলিত শিক্ষার্থীজোটের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে জুবেরী ভবন কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “দেখা যাচ্ছে, কিছু ভোটারের হাতে দেওয়া অমোচনীয় কালি বেশ হালকা হয়ে গেছে, পুরোপুরি না উঠলেও মুছে যাচ্ছে।

গতকাল চাকসু নির্বাচনে একই সমস্যা দেখা দিয়েছিল, তাই আমরা নির্বাচন কমিশনকে আগেই বিষয়টি জানিয়ে রেখেছিলাম। কিন্তু প্রশাসন সময়মতো পদক্ষেপ নেয়নি।”

তিনি আরও বলেন, “যেসব বিষয়ে আমরা আগে থেকেই সতর্ক করেছিলাম, সেগুলোতে প্রশাসন মনোযোগ দিলে নির্বাচন আরও সুন্দরভাবে সম্পন্ন হতো। এখনো যদি সংশোধনের সুযোগ থাকে, কমিশন যেন কালির মান নিয়ে অভিযোগের জায়গা না রাখে।”

রাকসু নির্বাচন নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে জাহিদ বলেন, “৩৫ বছর পর আবারও রাকসু নির্বাচন হচ্ছে— এটা শিক্ষার্থীদের জন্য ঐতিহাসিক মুহূর্ত। যদিও চারবার সময় পরিবর্তনের পর অবশেষে ভোট অনুষ্ঠিত হচ্ছে, তবু আমরা সবাই এই দিনটির জন্য অপেক্ষা করেছি।”

তিনি যোগ করেন, “প্রায় ২৯ দিন ধরে প্রচারণা চলেছে। প্রার্থী, স্বতন্ত্র কিংবা প্যানেলভিত্তিক সবাই কঠোর পরিশ্রম করেছে। যদিও অর্থনৈতিক ও শারীরিক কষ্ট ছিল, শিক্ষার্থীরা পুরো প্রক্রিয়াটিকে উপভোগ করেছে।”

জাহিদ আরও জানান, “এখন পর্যন্ত ভোটের পরিবেশ ভালো আছে। শিক্ষার্থীরা উৎসবমুখরভাবে ভোট দিচ্ছে।

সময় গড়ালে উপস্থিতি আরও বাড়বে বলে আশা করছি। গতরাতে ক্যাম্পাস ও আশপাশে শিক্ষার্থীদের আনন্দঘন পরিবেশ দেখে আমরা আশাবাদী হয়েছি যে, সবাই মিলে একটি সুন্দর নির্বাচন সম্পন্ন করতে পারব।”

সম্মিলিত শিক্ষার্থীজোটের ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন