শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

এজেন্টদের ছবিসহ ভোটার তালিকা দেখতে দেওয়া হচ্ছে না: ছাত্রদল ভিপি প্রার্থী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১১:১৭ এএম আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ১১:১৯ এএম
ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি পদপ্রার্থী শেখ নূর-উদ্দীন আবির
expand
ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি পদপ্রার্থী শেখ নূর-উদ্দীন আবির

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এটি বিশ্ববিদ্যালয়ের ১৫তম রাকসু নির্বাচন। সর্বশেষ এমন ভোট অনুষ্ঠিত হয়েছিল ১৯৯০ সালের ২৯ জুলাই।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নয়টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

ভোট শুরুর পরপরই ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি পদপ্রার্থী ও ছাত্রদল মনোনীত শেখ নূর উদ্দিন আবির অভিযোগ করেন, তাদের পোলিং এজেন্টদের ছবিযুক্ত ভোটার তালিকা দেখতে দেওয়া হচ্ছে না।

ভোট শুরুর প্রায় ২০ মিনিট পর জুবেরি ভবন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি বলেন, “আমাদের এজেন্টরা ভোটার তালিকা দেখতে চাইলে বাধা দেওয়া হচ্ছে। এজেন্টদের ভোটারদের ছবিযুক্ত তালিকা দেখার অধিকার রয়েছে। বিষয়টি আমি প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছি, তিনি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন।”

তিনি আরও জানান, ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক হলেও প্রতিদ্বন্দ্বী প্যানেলের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে জটলা তৈরি করছেন। নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা অনৈতিক কর্মকাণ্ড ঘটলে তা প্রতিরোধ করা হবে বলেও সতর্ক করেন আবির।

এদিকে, কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখে ভোটের পরিবেশে সন্তোষ প্রকাশ করেছেন ছাত্রদল প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী নাফিউল ইসলাম জীবন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন