মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা সিটিতে দক্ষিণে জামায়াতের সম্ভাব্য প্রার্থী সাদিক কায়েম উত্তরে ডা.খালিদুজ্জামান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ১০:২৯ এএম
ডাকসু ভিপি সাদিক কায়েম ও ডা. এস এম খালিদুজ্জামান
expand
ডাকসু ভিপি সাদিক কায়েম ও ডা. এস এম খালিদুজ্জামান

আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করেছে সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিশেষ করে ঢাকা উত্তর ও দক্ষিণ- দুই সিটিতেই সম্ভাব্য প্রার্থী নিয়ে দলের ভেতরে আলোচনা বেশ এগিয়েছে বলে জানা গেছে।

দলীয় সূত্র বলছে, প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে। এদিকে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আলোচনায় কয়েকটি নাম বিশেষভাবে উঠে এসেছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের সম্ভাব্য প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি আলোচিত নামগুলোর মধ্যে রয়েছেন মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন। পাশাপাশি আলোচনায় রয়েছেন ডা. এস এম খালিদুজ্জামান। তবে সাধারণ কর্মী সমর্থকরা চান ডা. এস এম খালিদুজ্জামানকে। কারণ তিনি ঢাকা-১৭ আসনে জিততে জিততে হেরে গেছেন। তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে উত্তর সিটিতে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারপারসনের তারেক রহমানের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করে অল্প ব্যবধানে পরাজিত হন তিনি। স্থানীয় নেতাকর্মীদের একাংশ তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে এগিয়ে রাখছেন।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেও একাধিক নেতার নাম আলোচনায় রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন ডাকসুর ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিক কায়েম। তরুণ নেতৃত্বের প্রতিনিধিত্বের কারণে অনেক নেতাকর্মী তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে সমর্থন করছেন।

এছাড়া মহানগর দক্ষিণের নায়েবে আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ড. অ্যাডভোকেট হেলাল উদ্দিন, মহানগরের সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ দেলাওয়ার হোসেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. আব্দুল মান্নান এবং মহানগর শূরা সদস্য মেহবাহ উদ্দিন সাঈদের নামও আলোচনায় রয়েছে।

দলীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্ভাব্য প্রার্থী নির্ধারণের ক্ষেত্রে রুকন (সদস্য), শ্রমিক কল্যাণ ফেডারেশন, ছাত্রশিবির, ছাত্রী সংস্থা এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের মতামত বিবেচনায় নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রার্থী চূড়ান্ত হওয়ার পর তাকে বিজয়ী করতে সম্মিলিতভাবে কাজ করার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

ঢাকা উত্তর সিটির প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও তৃণমূলের মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছে। একটি সূত্র জানায়, রুকনদের মধ্যে মতামত সংগ্রহের জন্য ব্যালটের মাধ্যমে পছন্দের প্রার্থীর নাম লিখে জমা দেওয়ার প্রক্রিয়া চালানো হয়। সেই মতামতের ভিত্তিতেই কয়েকটি নাম বেশি উঠে এসেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে দলের একটি বিশেষ মূল্যায়ন প্যানেল বিষয়টি পর্যালোচনা করবে।

উত্তর সিটিতে আলোচনায় থাকা অন্যদের মধ্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. রেজাউল করিম, ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান এবং ছাত্রশিবিরের বিদায়ী সভাপতি জাহিদুল ইসলামের নামও শোনা যাচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমন বলেন, ঢাকার দুই সিটি নির্বাচনকে সামনে রেখে দলের অভ্যন্তরীণ যাচাই-বাছাই প্রক্রিয়া চলছে। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

এদিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীর প্রস্তাব তৃণমূল সংগঠন থেকে আসবে। পরে কেন্দ্রীয় কমিটি তা পর্যালোচনা করে চূড়ান্ত ঘোষণা দেবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup