সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত এনসিপি সমাঝোতা: দক্ষিণে আসিফ, উত্তরে সেলিম উদ্দিন!

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ১১:২২ এএম আপডেট : ০২ মার্চ ২০২৬, ১১:২৪ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উল্লেখযোগ্য ফল পাওয়ার পর স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নতুন করে সক্রিয় হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিশেষ করে রাজধানীর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন ঘিরে দলটির ভেতরে সম্ভাব্য মেয়র প্রার্থী নিয়ে আলোচনা শুরু হয়েছে।

দলীয় একাধিক সূত্রের দাবি, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে প্রাথমিক পর্যায়ের কথাবার্তা চলছে। সেই প্রেক্ষাপটে ঢাকার দুই সিটিতে সম্ভাব্য প্রার্থী বাছাই ও নির্বাচনী কৌশল নির্ধারণে প্রস্তুতি শুরু করেছে এনসিপি।

জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির পক্ষ থেকে মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক ফরহাদ সোহেলের নাম আলোচনায় রয়েছে। অন্যদিকে ঢাকা উত্তর সিটিতে দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও মহানগর উত্তরের সদস্যসচিব সর্দার আমিরুল ইসলামের আগ্রহের কথাও জানা গেছে।

এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেতরেও ঢাকার দুই সিটি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা চলছে। দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের নাম বিবেচনায় রাখা হয়েছে।

তবে দক্ষিণ সিটিতে এখনো কাউকে চূড়ান্ত করা হয়নি। সেখানে দলটির মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি জেনারেল ড. আবদুল মান্নানের নামও আলোচনায় রয়েছে।

রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে, সম্ভাব্য সমঝোতার অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটিতে এনসিপিকে প্রার্থী দেওয়ার সুযোগ করে দিতে পারে জামায়াত। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি।

এনসিপির নেতারা বলছেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে না হওয়ায় প্রার্থীর ব্যক্তিগত গ্রহণযোগ্যতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এনসিপির পক্ষ থেকে নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। ছয় সদস্যের এই কমিটির নেতৃত্বে রয়েছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সদস্যসচিব করা হয়েছে দলের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদকে।

ঢাকা উত্তর সিটির সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় থাকা সর্দার আমিরুল ইসলাম জানিয়েছেন, এখনো তফসিল ঘোষণা না হওয়ায় জোটগত নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। দলীয় সিদ্ধান্ত অনুযায়ীই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

অন্যদিকে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, দল প্রাথমিকভাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি বিবেচনা করছে। স্থানীয় সরকার সংশ্লিষ্ট দায়িত্বে কাজ করার অভিজ্ঞতা কাজে লাগিয়ে নির্বাচিত হলে নগরবাসীর সেবায় কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন