রবিবার
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

গণভোট নিয়ে তথ্য বিভ্রাট, সংশোধন করলো ইসি 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৫ এএম
এনপিবি গ্রাফিক্স
expand
এনপিবি গ্রাফিক্স

সদ্য অনুষ্ঠিত গণভোটে দেশের প্রায় ৬২ দশমিক ৪৭ শতাংশ ভোটার ‘হ্যাঁ’-এর পক্ষে এবং ২৯ দশমিক ৩২ শতাংশ ভোটার ‘না’-এর পক্ষে মত দিয়েছেন। অধিকাংশ আসনে ‘হ্যাঁ’ জয়ী হলেও ১১টি আসনে ‘না’ ভোট বিজয়ী হয়েছে।

দেশব্যাপী ‘হ্যাঁ’ জয়ী হলেও প্রথমে নির্বাচন কমিশন বাংলাদেশ নির্বাচন কমিশন প্রকাশিত ফলাফলে কিছু ভুল তথ্য দেখা দেয়। পরে সমালোচনার মুখে কমিশন সংশোধিত ফলাফল প্রকাশ করে।

প্রথম প্রকাশিত ফলাফলে রাজশাহী-৪ আসনে গণভোটের কাস্টিং হার দেখানো হয় ২৪৪ দশমিক ২৯৫ শতাংশ। ওই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৯ হাজার ৯০৯ জন হলেও কাস্ট ভোট দেখানো হয় ৭ লাখ ৮১ হাজার ৫২৩টি। সেখানে ‘না’ ভোটের পক্ষে দেখানো হয় ৬ লাখ ১২ হাজার ২২৯ এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ১ লাখ ৪৫ হাজার ৩৮২ ভোট। বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে পরবর্তীতে ইসি সংশোধিত ফল প্রকাশ করে।

সংশোধিত তথ্যে দেখা যায়, রাজশাহী-৪ আসনে গণভোটের কাস্টিং হার ৭২ দশমিক ৫৯ শতাংশ। মোট ভোটার সংখ্যা অপরিবর্তিত থাকলেও কাস্ট ভোট দেখানো হয় ২ লাখ ৬ হাজার ৬১১টি। তবে ‘না’ ও ‘হ্যাঁ’ ভোটের সংখ্যা যথাক্রমে আগের মতোই ৬ লাখ ১২ হাজার ২২৯ এবং ১ লাখ ৪৫ হাজার ৩৮২।

উল্লেখ্য, রাজশাহী-৪ আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল বারী সরদার।

এছাড়া সিরাজগঞ্জ-১ আসনে প্রথমে গণভোটের কাস্টিং হার দেখানো হয় মাত্র ৭ দশমিক ৮৯৯ শতাংশ, যা একই দিনে অনুষ্ঠিত সংসদ নির্বাচনের ভোটের হারের তুলনায় অনেক কম। সেখানে ১ লাখ ১৬ হাজার ৬১৩ ভোট পেয়ে নির্বাচিত হন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী সেলিম রেজা। পরে সংশোধিত তথ্যে সিরাজগঞ্জ-১ আসনে গণভোটের হার ৬০ দশমিক ৮৩ শতাংশ দেখানো হয়।

জাতীয় গণভোটে প্রথম প্রকাশিত তথ্যে দেশে ‘হ্যাঁ’-এর পক্ষে মোট ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ এবং ‘না’-এর পক্ষে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ ভোট পড়েছিল। ২৯৯টি সংসদীয় আসনে গণভোটের গড় কাস্টিং হার দেখানো হয় ৬০ দশমিক ২৬ শতাংশ।

পরবর্তীতে সংশোধিত ফলাফলে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোটের সংখ্যা দেখানো হয় ৪ কোটি ৮০ লাখ ৬৬০ এবং ‘না’-এর পক্ষে ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬। ২৯৯টি সংসদীয় আসনে গণভোটের গড় কাস্টিং হার ৬০ দশমিক ৮৪ শতাংশ দেখানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X