রবিবার
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদে প্রতিনিধিত্ব করবেন যেসব দলের সদস্যরা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৯ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

দেশে গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচনে অংশ নেওয়া ৫১টি রাজনৈতিক দলের মধ্যে জনরায়ে সংসদীয় আসন লাভ করতে সমর্থ হয়েছে মাত্র ৯টি দল।

অন্যদিকে, পরিচিত ও ছোট দল মিলিয়ে ৪২টি দলই ভোটারদের মন জয় করতে ব্যর্থ হয়ে আসনশূন্য অবস্থায় নির্বাচনী মাঠ ছেড়েছে। ২৯৭টি আসনের ঘোষিত ফল বিশ্লেষণ করে দেখা গেছে, দ্বিমুখী লড়াইয়ের প্রবল চাপে ছোট দলগুলোর প্রায় ভরাডুবি হয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য মতে, ঘোষিত ২৯৭ আসনের মধ্যে এককভাবে ২০৯ আসন পেয়ে বিশাল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি। বাংলাদেশ জামায়াতে ইসলামী দ্বিতীয় সর্বোচ্চ ৬৮ আসন লাভ করে। ১১ দলীয় জোটের শরিক হিসেবে এনসিপি পেয়েছে ৬ আসন। বাংলাদেশ খেলাফত মজলিস ২ আসনে জয়ী হয়েছে। এছাড়া একক একটি করে আসন পেয়ে সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করেছে আরও পাঁচটি দল। সেগুলো হলো- ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণসংহতি আন্দোলন এবং খেলাফত মজলিস। দলীয় প্রার্থীদের বাইরে স্বতন্ত্র প্রার্থীরা ৭ আসনে জয়লাভ করেছেন।

৩০০-এর মধ্যে ২৯৭ আসনের ফল পাওয়া গেলেও ৩টির ফল এখনো চূড়ান্ত হয়নি। এর মধ্যে একটি আসনে ভোট স্থগিত করা হয়েছে এবং বাকি দুটি আসন আইনি জটিলতার কারণে আটকে রয়েছে।

নির্বাচন কমিশনের পরিসংখ্যান বলছে, এবারের নির্বাচনে দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েন ২৭৩ জন।

দলীয় প্রার্থীর মধ্যে ১ হাজার ৬৯২ জন পুরুষ এবং ৬৩ জন নারী। স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ২৫৩ জন পুরুষ এবং ২০ জন নারী।

নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী দিয়েও একটি আসনও পায়নি ৪২টি দল। এর মধ্যে রয়েছে দীর্ঘদিনের পরিচিত দল যেমন- লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয় পার্টি, সিপিবি, জাসদ, জেএসডি, গণফোরাম ও জাকের পার্টি।

এছাড়াও শূন্য হাতে ফিরেছে বাসদ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), বাংলাদেশ ন্যাপ, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, জাগপা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এবি পার্টি, এনডিএম এবং বাংলাদেশ কংগ্রেসের মতো দলগুলো। মূলত বড় দলগুলোর মেরুকরণ ও জনগণের সুনির্দিষ্ট রায় পরিবর্তনের হাওয়ায় এসব দলের প্রার্থীরা বড় কোনো প্রভাব বিস্তার করতে পারেননি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X