

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার এএম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১১ জন শিক্ষক থাকার পরও চলতি বছরের এসএসসি পরীক্ষায় পাসের হার শূন্য। বিদ্যালয়টিতে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ৫ জন শিক্ষার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেনি। শতভাগ অকৃতকার্যের ঘটনায় স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় ২০০ জন শিক্ষার্থী অধ্যায়ন করছে। তাদের পাঠদানের জন্য ৭ জন এমপিওভুক্ত ও ৪ জন নন-এমপিওসহ মোট ১১ জন শিক্ষক কর্মরত রয়েছেন। এছাড়া প্রতিষ্ঠানটিতে আরও ৪টি শিক্ষকের পদ শূন্য রয়েছে।
অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ে নিয়মিত পাঠদানে শিক্ষকদের উদাসীনতা এবং দিন দিন শিক্ষার মান নিম্নমুখী হওয়ায় এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে এমন বিপর্যয় ঘটেছে।
স্থানীয়দের উদ্যোগে উপজেলার মদাতী ইউনিয়নে নারী শিক্ষার প্রসারে ১৯৯৯ সালে ‘এএম রথবাড়ী বালিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ প্রতিষ্ঠিত হয়। ২০১১ সালে প্রথমবারের মতো এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা অংশগ্রহণের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি উচ্চ বিদ্যালয়ে রূপান্তরিত হয়। পরবর্তীতে ২০২৩ সালে বিদ্যালয়টির নিম্ন মাধ্যমিক শাখা এমপিওভুক্ত হয়।
ফলাফল বিপর্যয়ের কারণ জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মদাতী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, “বিদ্যালয়ের নিম্ন মাধ্যমিক শাখার শিক্ষকরা সরকারি বেতন-ভাতা পেলেও উচ্চ বিদ্যালয় শাখাটি এখনো এমপিওভুক্ত হয়নি। ফলে উচ্চ বিদ্যালয় শাখার শিক্ষকরা দীর্ঘদিন ধরে বেতন-ভাতা না পাওয়ায় পাঠদানে কিছুটা আগ্রহ হারিয়ে ফেলেছেন। এর পাশাপাশি বিদ্যালয়ে শিক্ষক সংকটও রয়েছে। মূলত এসব কারণেই চলতি বছর ৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিলেও কেউ পাস করতে পারেনি।”
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুল আলম বলেন, “এএম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয়ের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। প্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

